কমনওয়েলথ গেমসে বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে
বাংলাদেশ। গতকাল মালয়েশিয়াকে উড়িয়ে দেয়ার পর আজ কেনিয়াকে ৮০ রানে হারিয়েছে
বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে আগে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে
১২৫ রান তোলে বাংলাদেশ। এরপর নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে ১২.৪ ওভারে কেনিয়া
অলআউট হয়ে গেছে ৪৫ রানে।
নাহিদা ৩.৪ ওভার বোলিং করে একটি মেইডেনসহ ১২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন।
বুধবার মালয়েশিয়ার কিনরার ওভালে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। শুরুতে তারা টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন পরিস্থির মুখোমুখি হতে যাচ্ছিল। ৫০ রানে হারিয়ে ফেলে প্রথম ৬ উইকেট! সপ্তম উইকেটে সালমা খাতুন ও রিতু মনি মিলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১২৫ রান। সালমা ৩২ বলে ৩ চারে ৩৩ রানে অপরাজিত থাকেন। রিতু মনি ৩৪ বলে ৩ চারে খেলেন ৩৯ রানের ইনিংস। এছাড়া ওপেনিংয়ে নামা মোর্শেদা খাতুন খেলেন ১৯ বলে ২৬ রানের ইনিংস।
১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে কেনিয়ার ১০ জন ব্যাটার দুই অঙ্কের ঘরেই যেতে পারেনি। শ্যারন জুমা দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ২০ বলে ৪ চারে ২৪ রান করেন কেনিয়ার এই ব্যাটার। এছাড়া কুয়েনটার আবেলের ব্যাট থেকে আসে ৯ রান।
রোববার স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পবের্র তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শেষ ম্যাচ।










