নোভাক জোকোভিচের ভিসা বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলীয় সরকার, সেটি অযৌক্তিক বলেছে দেশটির আদালত। সার্বিয়ান তারকার ভিসা বাতিল করা যাবে না বলে সোমবার অস্ট্রেলিয়ার একটি আদালত রায় দিয়েছে। তাই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জোকোভিচের আর কোনো বাধা রইল না।

আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়ান ওপেন। এ টুর্নামেন্টকে সামনে রেখে গত বৃহস্পতিবার মেলবোর্নে বিমান থেকে নেমেই আটক হন টেনিসের শীর্ষ তারকা। মূলত করোনা প্রতিষেধক টিকা না নেয়ায় অস্ট্রেলিয়ায় ঢুকতে বাধা দেয়া  হয়।

কয়েক দিন ধরেই মেলবোর্নের একটি কোয়ারেন্টিন কেন্দ্রে আটক ছিলেন জোকোভিচ। তার পক্ষ থেকে দাবি করা হয়, মেলবোর্নে তিনি এসেছিলেন স্বাধীন মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়েই। সেই ছাড়পত্র দেখেই অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের আয়োজক সংস্থা টেনিস অস্ট্রেলিয়া তাকে টুর্নামেন্টে অংশ নেয়ার অনুমতি দিয়েছিল। সেই ছাড়পত্রের ভিত্তিতেই ভিক্টোরিয়া রাজ্য সরকার তাদের রাজ্যে জোকোভিচকে প্রবেশের অনুমতি দিয়েছিল।

অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী, করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে হলে প্রত্যেক বিদেশি নাগরিকের করোনার দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে। জোকোভিচ বরাবরই করোনার টিকা না নেয়ার ব্যাপারে সংকল্পবদ্ধ। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করার অনুমতি দেয়ার পর থেকেই দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, টেনিস অস্ট্রেলিয়া কিসের ভিত্তিতে তাকে এ টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এরপর সোজা জানিয়ে দেন, জোকোভিচ যত বড় টেনিস খেলোয়াড় কিংবা তারকাই হোন না কেন, তাকে অস্ট্রেলিয়ার আইন মানতে হবে। এরপর গত বৃহস্পতিবার মেলবোর্ন বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে ভিসা বাতিল করে তাকে পাঠানো হয় একটি কোয়ারেন্টিন কেন্দ্রে। 

আটক থাকা অবস্থাতেই অভিবাসন আদালতে নিজের আইনজীবীর মাধ্যমে ভিসা বাতিল ও তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেয়ার বিরুদ্ধে আবেদন করেন জোকোভিচ। তার আইনজীবীরা জানান, গত ১৬ ডিসেম্বর জোকোভিচ করোনা পজিটিভ হন। এরপর যেহেতু ১৪ দিন অনেক আগেই কেটে গেছে, তাই তার অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে কোনো বাধা নেই। 

এদিন ফেডারেল সার্কিট কোর্টের বিচারক ২০টি গ্র্যান্ড স্লামের মালিক জকোভিচকে মুক্তি দেয়া ও তার পাসপোর্ট ফেরত দেয়ার জন্য অস্ট্রেলীয় সরকারকে নির্দেশ দিয়েছেন। সার্বিয়ান তারকার যাবতীয় খরচ বহনেরও নির্দেশ দিয়েছেন তিনি।