যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্প্রিন্টে ‘ডাবল’ জয়ের কীর্তি গড়েছেন মেলিসা জেফারসন-উডেন। এর পরও তার জীবনের সবচেয়ে বড় জয় সম্ভবত নিজের পিতার জীবন বাঁচাতে পারা।
টোকিও ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শুক্রবার মেয়েদের ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন জেফারসন-উডেন। এর পাঁচদিন আগে জয় করেন ১০০ মিটারের স্বর্ণ। এ কীর্তি টোকিওর স্টেডিয়ামে বসে দেখেছেন তার বাবা মেলভিন জেফারসন। আজ থেকে সাত বছর আগে ভয়াবহ অসুস্থ মেলভিনকে বাঁচাতে বোন ম্যারোর স্টেম সেল দিয়েছেন জেফারসন-উডেন। তার বাবার বোনম্যারো যথেষ্ট শ্বেত রক্তকণিকা উৎপন্ন করছিল না, যা মূলত মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। সে সময় মেয়ের বোনম্যারোর স্টেম সেল দিয়ে তাকে স্টেম সেল প্রতিস্থাপন চিকিৎসা দেয়া হয়। মেলিসা আজ যুক্তরাষ্ট্রের স্প্রিন্টের আকাশে উজ্জ্বল নক্ষত্র। জ্যামাইকানদের কর্তৃত্বের অবসান ঘটিয়ে স্প্রিন্ট থেকে যুক্তরাষ্ট্রকে ডাবল এনে দিয়েছেন। এমনকি ২০০ মিটারে তিনি হারান গতবারের চ্যাম্পিয়ন জ্যামাইকার শেরিকা জ্যাকসনকে।
শুক্রবার ২০০ মিটারে জয়ের পর বাবাকে স্টেম সেল দিয়ে বাঁচানো ও নিজের জীবন বদলে যাওয়া নিয়ে জেফারসন-উডেন বলেন, ‘তিনি আমার বাবা বলেই যে এটা করেছি তেমনটি নয়, সুযোগ পেলে আমি যে কাউকেই সাহায্য করতে চাই। আমার কাছে সেটাই জীবন।’

ভিআইপি বক্সে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কোর সঙ্গে বসে জেফারসন-উডেনের ইতিহাস গড়ার সাক্ষী হয়েছেন তার বাবা মেলভিন ও মা জোয়ান্না। দীর্ঘ পথ ভ্রমণ করে তারা মেয়ের খেলা দেখতে এসেছেন। জেফারসন-উডেন জানান, বাবা-মাকে কাছে পাওয়াটা তার জন্য ছিল বিরাট উদ্দীপনার। তিনি বলেন, ‘তারা সবসময়ই বলেছেন, আমার ইতিহাস গড়া দেখতে তাদের তর সইছে না। তাদের যদি আমার ওপর এত আস্থাই থাকে, তাহলে আমি কেন নিজের ওপর আস্থা রাখতে পারব না?’
১০০ মিটারের স্পেশালিস্ট জেফারসন-উডেন এ বছর শুরুর দিকে তার কোচকে অবাক করে দিয়ে বলেন, তিনি ২০০ মিটারকেও গুরুত্বের সঙ্গে নিতে চান। প্রথমে ভেবেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে লড়বেন। সেখানে আত্মবিশ্বাস পাওয়ার পর এবার বিশ্বও জয় করলেন।
২১.৬৮ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন জেফারসন-উডেন। ব্রিটেনের এমি হান্ট ২২.১৪ সেকেন্ড টাইমিং করে রৌপ্য ও বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকার শেরিকা জ্যাকসন ২২.১৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। জ্যামাইকান গ্রেট শেলি অ্যান ফ্রেজার-প্রাইসের স্প্রিন্ট ডাবল জয়ের ১২ বছর পর নারী হিসেবে একই কীর্তি গড়লেন জেফারসন-উডেন। ১০০ মিটার ও ২০০ মিটার মিলিয়ে চলতি মৌসুমে ২০টি রেসে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯টিতেই জিতলেন তিনি।
জেফারসন-উডেনের ডাবল পূর্ণ করার অল্প সময় আগে ছেলেদের ২০০ মিটারে টানা চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হন তার স্বদেশী ২৮ বছর বয়সী নোয়াহ লাইলস। তিনি ১৯.৫২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। স্বদেশী কেনেথ বেদনারেক ছাড়াও প্যারিস অলিম্পিক চ্যাম্পিয়ন লেতসিলে তেবোগো ও জ্যামাইকার ব্রায়ান লেভেলকে হারাতে হয়েছে তাকে। বেদনারেক ১৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য ও লেভেল ১৯.৬৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। তেবোগো ১৯.৬৫ সেকেন্ড টাইমিং করে লেভেলের পরেই ছিলেন। এই প্রথম ছেলেদের ২০০ মিটারে তিন কিংবা চারজন ১৯.৭০ সেকেন্ডের নিচে এবং প্রথমবারের মতো পাঁচজন ১৯.৮০ সেকেন্ডের নিচে টাইমিং করেছেন।
এর আগে ২০১৯ সালে দোহায়, ২০২২ সালে ইউজেনিতে ও ২০২৩ সালে বুদাপেস্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে শ্রেষ্ঠত্ব দেখান লাইলস। গত বছর প্যারিসে জিতেছেন ১০০ মিটারের স্বর্ণ। এবার তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন। টোকিওতে এবার ১০০ মিটারে তিনি ব্রোঞ্জ জিতেছেন।
শুক্রবার মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের ফেমকে বোল। তিনি সময় নেন ৫১.৫৪ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের জেসমিন জোনস (৫২.০৮) ও স্লোভাকিয়ার এমা জাপলেতোভাকে (৫৩.০০) হারান বোল। ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন।
এর আগে ১৪ সেপ্টেম্বর নতুন দ্রুততম মানব ও মানবী পায় বিশ্ব। জ্যামাইকার অবলিক সেভিলে ও যুক্তরাষ্ট্রের জেফারসন-উডেন ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব দেখান। জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের সাবেক কোচ গ্লেন মিলসের সঙ্গে কাজ করা সেভিলে ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হন। তিনি হারান স্বদেশী কিশান থম্পসন (৯.৮২ সেকেন্ড) ও গতবারের দ্রুততম মানব যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে (৯.৮৯ সেকেন্ড)।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে জেফারসন-উডেন ১০.৬১ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হন। তিনি হারান জ্যামাইকার টিনা ক্লেইটন (১০.৭৬ সেকেন্ড) ও সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেডকে (১০.৮৪ সেকেন্ড)।
ওইদিন মেয়েদের লং জাম্পে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের টারা ডেভিস-উডহল। অলিম্পিক স্বর্ণের সঙ্গে এবার ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের মুকুট যোগ করলেন তিনি।
টোকিও ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের ৪০০ মিটারে ইতিহাস গড়েছেন বতসোয়ানার ২১ বছর বয়সী বুসাং কলেন কেবিনাথশিপি। ৪৩.৫৩ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কেবিনাথশিপি। তিনি বতসোয়ানার প্রথম পুরুষ অ্যাথলেট হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন। মেয়েদের ৪০০ মিটারে ৪৭.৭৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলফলিন-লেভরন, যিনি চার বছর আগে একই ট্র্যাকে হার্ডলসে অলিম্পিক স্বর্ণ জয় করার কৃতিত্ব দেখিয়েছিলেন।
ছেলেদের বর্ষা নিক্ষেপে হতাশ করেছেন ভারতের নীরাজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিম। বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নীরাজ হয়েছেন অষ্টম আর বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ হয়েছেন দশম। এ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট। তিনি ৮৮.১৬ মিটার দূরে বর্ষা নিক্ষেপ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মুকুট জয় করেন। দুইবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্যারারসন প্যাটার্স রৌপ্য ও কার্টিস থম্পসন ব্রোঞ্জ জিতেছেন।
সুইডেনের ২৫ বছর বয়সী পোলভল্টার আরমান্ড ‘মন্ডো’ ডুপ্লান্টিস ১৪তম বারের মতো বিশ্বরেকর্ড ভেঙে তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। তিনি ৬.৩০ মিটার (প্রায় ২০ ফুট ৮ ইঞ্চি) উঁচুতে লাফিয়ে রেকর্ড গড়ার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। টানা ৪৯তম প্রতিযোগিতায় শিরোপা জিতলেন তিনি, যা বড় আসরে তার টানা পঞ্চম মুকুট। টানা দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন তিনি।










