ওসমান খাজার দুর্দান্ত প্রত্যাবর্তন। প্রায় আড়াই বছরের বেশি সময় পর দলে ফিরেই সিডনি টেস্টে দুই ইনিংসে তুলে নেন সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ৩৮৮ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিনা উইকটে ৩০ রান করে ইংলিশরা। জ্যাক ক্রাউলি ২২ ও হাসিব হামিদ ৮ রানে অপরাজিত আছেন। টেস্টের পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ৩৫৮ রান। অপর দিকে জয়ের ধারা অব্যাহত রাখতে স্বাগতিকদের প্রয়োজন অতিথিদের ১০ উইকেট তুলে নেয়া।

এর আগে ২৯৪ রানে প্রথম ইনিংস থামে ইংল্যান্ডের। আগের দিন অপরাজিত থাকা জনি বেয়ারস্টো থামেন ১১৩ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্কট বোল্যান্ড চারটি উইকেট নেন। অজিদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল আট উইকেটে ৪১৬ রান।

১২২ রানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া ছয় উইকেটে ২৬৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এ ইনিংসে শুরুটা ভালো হয়নি অজিদের। ৮৬ রানেই চার উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে খাজা ও ক্যামেরন গ্রিনের ১৭৯ রানের জুটি বড় সংগ্রহ এনে দেন। ১২২ বালে ৭৪ রান করে ফেরেন গ্রিন। সাতটি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। তবে খাজা তুলে নেন ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। ১৩৮ বল মোকাবেলায় করেন অপরাজিত ১০১ রান। নান্দনিক ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কার মার। প্রথম ইনিংসেও ২৬০ বলে ১৩৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেনে খাজা। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের হয়ে স্পিনার জ্যাক লিচ চারটি ও মার্ক উড দুটি উইকেট নেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।