ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে কলিন ডি
গ্র্যান্ডহোমের অনবদ্য এক সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড তিনশ ছুঁই ছুঁই সংগ্রহ
পেলেও তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। এ মুহূর্তে
খানিকটা এগিয়ে আছে ডিন এলগারের দল।
৫ উইকেটে ১৫৭ রান নিয়ে আজ তৃতীয় দিন
ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড গ্র্যান্ডহোমের অসাধারণ এক সেঞ্চুরি আর ড্যারিল
মিচেলের হাফসেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৯৩ রান তুলে অলআউট হয়। ষষ্ঠ উইকেটে
দুজন ২২৪ বলে ১৩৩ রানের পার্টনারশিপ গড়েন। গ্র্যান্ডহোম ১৫৮ বলে ১২ বাউন্ডারি ও ৩
ছক্কায় ১২০ রান করে অপরাজিত থাকেন, আর মিচেল
১৩৪ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করেন। তাদের এই লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে
ব্যবধানও কমেছে স্বাগতিকদের।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো
হয়নি প্রোটিয়াদের। ৩৮ রানের মধ্যেই তারা হারায় সারেল আরউই, ডিন এলগার, এইডেন
মার্করামকে। এরপর রাসি ফন ডার ডুসেন ও তেম্বা বাভুমা চতুর্থ উইকেটে ৬৫ রান যোগ করে
স্থিতি আনেন। দলের সংগ্রহ একশ পার হওয়ার পর অল্প রানের ব্যবধানে ডুসেন আর বাভুমাও
বিদায় নেন। এরপর হাল ধরেন কাইল ভেরেইন (২২*) ও
উইয়ান মুলডার (১০*)।
দুজনের ২৬ রানের পার্টনারশিপে প্রোটিয়াদের লিড দুশ ছাড়িয়েছে।
ক্রাইস্টচার্চে সোমবার দেখা যেতে পারে চরম
নাটকীয়তা। লিডটা আড়াইশ পেরিয়ে তিনশর কাছাকাছি নিয়ে যেতে পারলেই অনেকটা নিরাপদ
স্থানে চলে যাবে অতিথি দলটি। আর যদি দ্রুতই উইকেটগুলো তারা হারিয়ে ফেলে, সেক্ষেত্রে কিউইদের সুযোগ তৈরি হবে।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া
গ্র্যান্ডহোম বলেছেন, আশাকরি, আগামীকাল মধ্যাহ্নভোজের আগেই আমরা ভালো
অবস্থানে পৌঁছাব। তারা এখন খানিকটা এগিয়ে। তবে কাল সকালে আমরা যদি দ্রুত কয়েকটা
উইকেট তুলে নিতে পারি তবে আমরাও এই অবস্থানে থাকব।










