বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকেই শুরুর টানা ৫ ম্যাচে হেরে বসা নোয়াখালী এক্সপ্রেসকে আজ বৃহস্পতিবার ষষ্ঠ হারের স্বাদ দিল রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ফিফটিতে ৫ উইকেটে ১৫১ রান তুলতে সমর্থ হয় নোয়াখালী। ৪৩ বলে ৫৯ রান করেন সৌম্য। জবাবে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ৬ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখে জয় তুলে নেয়।

পাকিস্তানি ব্যাটার মোহাম্মাদ ওয়াসিম ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৩৫ বলে ৬০ রান করে রাজশাহীর জয়ের নায়ক। এছাড়া তানজিদ হাসান ২১ এবং মুশফিকুর রহিম ও রায়ান বার্ল উভয়ই করেন ১৯ রান। নোয়াখালীর মেহেদী হাসান রানা ২৫ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা ওয়াসিম।

৬ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে নোয়াখালী। আজকের জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে রাজশাহী। চট্টগ্রাম রয়্যালস ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, রংপুর রাইডার্স ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ও সিলেট টাইটানস ৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। শুক্রবার রাজশাহী খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। ওই ম্যাচটি শীর্ষস্থান নির্ধারণ করবে। এক ম্যাচ কম খেলায় রাজশাহী সুবিধাজনক অবস্থানে রয়েছে।