ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে আগামীকাল মঙ্গলবার মুখোমুখি হবেন টেনিসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ১৩ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও দুইবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।
শেষ ষোলোয় কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে পাঁচ সেটের লড়াইয়ে হারান রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন। ২১ বছর বয়সী ফেলিক্স কাঁপিয়ে দিয়েছিলেন স্প্যানিশ ম্যাটাডোরকে। রোলাঁ গারোঁয় এ নিয়ে মাত্র তৃতীয়বার নাদালের কোনো ম্যাচ গড়াল পাঁচ সেটে। যদিও শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত নাদালই জিতেছেন। এটা প্যারিসের ক্লে কোর্টে ১১২ ম্যাচে তার ১০৯তম জয়।
অন্যদিকে জোকোভিচ টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে ৬-১, ৬-৩, ৬-৩ গেমে হারান ১৫তম বাছাই দিয়েগো শোয়ার্টম্যানকে। তাতেই নাদাল ও জোকোভিচের হাইভোল্টেজ লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে যায়।
নাদাল-জোকোভিচ লড়াইয়ের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে লড়বেন স্পেনের উদীয়মান তারকা কার্লোস আলকারেজ ও জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ।
রোলাঁ গারোঁয় নাদাল-জোকোভিচ মুখোমুখি হয়েছেন চারবার, এর মধ্যে নাদাল তিনবার ও জোকোভিচ একবার জয়লাভ করেছেন। আর সব মিলে ৫৯তম লড়াই হবে নাদাল ও জোকোভিচের।
দুই খেলোয়াড়েরই বয়স ৩৫ বছর এবং দুজনের অর্জনও বেশ কাছাকাছি। নাদালের গ্র্যান্ড স্লাম শিরোপা রেকর্ড ২১টি, ২০টি শিরোপা নিয়ে তার ঠিক পেছনেই জোকোভিচ। গত অস্ট্রেলিয়ান ওপেন জিতে জোকোভিচ ও রজার ফেদেরারকে টপকে শীর্ষে উঠে যান নাদাল। তার ক্যারিয়ারে একক শিরোপা জিতেছেন ৯১টি, জোকোভিচের ঝুলিতে রয়েছে ৮৭টি। নাদাল ক্যারিয়ারে ১ হাজার ৫১ ম্যাচ জিতেছেন, আর জোকোভিচ জিতেছেন ১ হাজার ১টি।
নাদালের দূর্গে তাকে একবারই হারাতে পেরেছেন জোকোভিচ। ২০১৫ সালে রোলাঁ গারোঁয় শিরোপা জয়ের পথে কোয়ার্টার ফাইনালে নাদালকে তিনি হারিয়েছিলেন। যদিও ২০১৪ ও ২০২০ সালের ফাইনাল ও ২০১৩ সালের সেমিফাইনালে নাদালের কাছে হেরেছেন সার্বিয়ান খেলোয়াড়টি।
করোনার টিকা নেননি বলে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকোভিচ। ফলে এবার ম্যাচ অনুশীলনও কম হয়েছে তার। তবু ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনি। শেষ আটে শোয়ার্টজম্যানকে একপেশে লড়াইয়ে তিনি হারিয়ে দেন। দুইবারের সাবেক চ্যাম্পিয়ন রোলাঁ গারোঁয় একেবারে সঠিক সময়ে ফর্মের চূড়ায় পৌঁছেছেন।
এদিকে, মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেনস, কোকো গাফ, কানাডার লেইলাহ ফার্নান্দেজ, দারিয়া কাসাতকিনা।










