কেভিন ডি ব্রুইনের হ্যাটট্রিকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে লিগ জয়ের আরো কাছাকাছি পৌঁছে গেল সিটিজেনরা। ৩৬ রাউন্ড শেষে শীর্ষে থাকা ম্যানসিটির ৮৯ পয়েন্ট। সমান ম্যাচে লিভারপুলের ৮৬ পয়েন্ট। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি আছে। একটি ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পেপ গার্দিওলার শিষ্যদের।
সামনের দুটি ম্যাচ লিভারপুল জিতলে এবং একটি ম্যাচে জয় ও একটিতে হারলেও সিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট দাঁড়াবে ৯২। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা গার্দিওলার ঘরে আসার সম্ভাবনাই বেশি। লিগে ম্যানসিটির গোল এখন ৭২টি, লিভারপুলের ৬৫টি। রেডদের থেকে সাত গোলে এগিয়ে আছে সিটি।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠ মলিনেয়াক্স স্টেডিয়ামে প্রথমার্ধের ৭ থেকে ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন ডি ব্রুইনে। হ্যাটট্রিক করতে ১৭ মিনিট লাগে বেলজিয়ান প্লেমেকারের। অবশ্য ১১ মিনিটেই পাল্টা আক্রমণে একটি গোল করেন উলভারহ্যাম্পটনের লিয়ান্ডার ডেনডনকার। বিরতির পর ৬০ মিনিটে চতুর্থ গোলটি করেন ডি ব্রুইনে। আর ৮৪ মিনিটে উলভারহ্যাম্পটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং। তাতে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
১৫ মে ওয়েস্ট হ্যাম ও ২২ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিটি।










