অস্ট্রেলিয়ার সাঁতারু এমা ম্যাককিওন এখন কমনওয়েলথ গেমসের ইতিহাসে সবচেয়ে সফলতম অ্যাথলিট। বার্মিংহামে রোববার রাতে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জয় করেন তিনি। কমনওয়েলথ গেমসে এটা ম্যাককিওনের ১১তম স্বর্ণপদক।

 

এ নিয়ে নিজের তৃতীয় কমনওয়েলথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৮ বছর বয়সী ম্যাককিওন। এর আগে তিনি খেলেছেন গ্লাসগো ও গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে। এই তিন আসরে তিনি ১১টি স্বর্ণপদক জয় করেন, যা আর কারো নেই।

 

২৩.৯৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাককিওন। তারই অস্ট্রেলিয়ান সতীর্থ মেগ হ্যারিস রৌপ্য ও শায়ান জ্যাক ব্রোঞ্জ জিতেছেন।

 

এর মধ্য দিয়ে স্বদেশী সাঁতারু ইয়ান থর্প, সুসি ও’নিল ও লাইজেল জোনসকে টপকে কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণপদকের মালিক হলেন ম্যাককিওন, যার বাবা রন ও ও মা সুসি দুজনই ছিলেন সাঁতারু।

 

বার্মিংহাতে রোববার ইতিহাস গড়ার পর ম্যাককিওন বলেন, ৫০ মিটারের এই ইভেন্টটি আমার জন্য উপভোগের। আমার মনে হয়, গত বছরের চেয়ে এ বছর আমি বেশ নির্ভার। গত বছর ঠিক এই সময়ের চেয়ে এবার কম পরিশ্রম করেছি। যদিও মানসিকভাবে আমি পিছিয়ে নেই, যা পারফরম্যান্সেই দেখা যাচ্ছে।

 

সবচেয়ে বেশি স্বর্ণ জয়ের পর এবার আরেকটি রেকর্ডের দিকে ছুটছেন ম্যাককিওন। তার কমনওয়েলথ পদক এখন ১৬টি, এই আসরে ইভেন্ট বাকি আছে চারটি। গেমসের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জয়ের সুযোগ আছে তার, যা এ মুহূর্তে যুগ্মভাবে তিনজনের দখলে। রোববার ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রৌপ্য জয়ের মধ্য দিয়ে ১৮টি পদকের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান সাঁতারু শাদ লে ক্লস।

 

২০১২ সালে লন্ডন অলিম্পিকে আমেরিকান কিংবদন্তি মাইকেল ফেলপসকে .০৫ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে সাঁতারের বিশ্বমঞ্চে আবির্ভাব ক্লসের। সেই সাফল্যের এক দশক পূর্তিতে বার্মিংহামে স্বর্ণ জিততে চেয়েছিলেন তিনি, যদিও সন্তুষ্ট থাকতে হলো রৌপ্যতে। অবশ্য তিনি পদকের রেকর্ড ঠিকই ছুঁয়ে ফেলেছেন। এই রেকর্ডটি নিজের করে নেয়ার সুযোগ পাবেন ম্যাককিওন।

 

সাঁতারে অনবদ্য এক দিন কাটল অস্ট্রেলিয়ার। মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও এদিন ৭ মিনিট ৩৯.২৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন অস্ট্রেলিয়ার ম্যাডি উইলসন, কিয়াহ হেলভার্টন, মলি ও’ক্যালাগান ও আরিয়ানে টিটমাস। ১ মিনিট ৫২.৮২ সেকেন্ড সময় নিয়ে অ্যাংকর হিসেবে অস্ট্রেলিয়ার স্বর্ণ নিশ্চিত করেন টোকিও অলিম্পিক ডাবল স্বর্ণজয়ী টিটমাস। রৌপ্যজয়ী কানাডার প্রতিযোগীর চেয়ে ১২ সেকেন্ড আগে তিনি দেয়াল ছুঁয়েছেন, আর ব্রোঞ্জজয়ী ইংল্যান্ড ছিল তার চেয়েও ৫ সেকেন্ড পেছনে।

 

আজ সোমবার বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ২২টি স্বর্ণসহ মোট ৫২টি পদক নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছিল অস্ট্রেলিয়া, ১১টি স্বর্ণসহ ৩৪টি পদক নিয়ে তাদের পরেই ছিল ইংল্যান্ড। ৩টি স্বর্ণসহ ৬টি পদক জিতেছে ভারত। আজ ২৮টি স্বর্ণপদকের নিষ্পত্তি হবে।