অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজেই
সর্বশেষ টেস্ট খেলেছেন ইংল্যান্ডের দুই জ্যেষ্ঠ বোলার জেমস অ্যান্ডারসন ও
স্টুয়ার্ট ব্রড। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন সাদা
পোশাকে ইংল্যান্ডের দুই সর্বোচ্চ উইকেট শিকারি। কিন্তু আসন্ন নিউজিল্যান্ডের
বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে অভিজ্ঞ দুই পেসারকে ফিরিয়েছেন নতুন
কোচ ব্রেন্ডন ম্যাককালাম। সাদা পোশাকের নতুন অধিনায়ক বেন স্টোকসও চেয়েছেন তাদের
দলে ফেরাতে।
৪০ বছর ছুঁই ছুঁই অ্যান্ডরসন টেস্ট
ক্রিকেটের ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৬৪০ উইকেট শিকার করেছেন। তিন ফরম্যাট
মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন ৯২৭ উইকেট। ব্রড ইংল্যান্ডের হয়ে টেস্টে
৫৩৭ উইকেটসহ তিন ফরম্যাটে নিয়েছেন ৭৮০ উইকেট।
ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য আজ বুধবার ১৩
সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার হ্যারি ব্রুক ও ফাস্ট বোলার
ম্যাটি পটস।
আগামী ২ জুন লর্ডসে শুরু হবে সিরিজের প্রথম
টেস্ট। ১০ জুন ট্রেন্ট ব্রিজে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস
অ্যান্ডারসন, জো রুট, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), জ্যাক ক্রাউলি, বেন ফোকস, জ্যাক লিচ, অ্যালেক্স
লিস, ক্রেগ ওভারটন, ম্যাটি পটস, হ্যারি
ব্রুক, স্টুয়ার্ট ব্রড ও অলি
পোপ। বিবিসি










