তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করেছে ফিফা। গতকাল সোমবার ফিফার ব্যুরো কাউন্সিল এ সিদ্ধান্তের কথা জানায়। ফলে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমে আপাতত অংশ নেয়ার যোগ্যতা হারিয়েছে দেশটি।

এদিকে ১১ অক্টোবর থেকে ভারতে শুরু হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ। নিষিদ্ধের কারণে দেশটিতে এ প্রতিযোগিতা হওয়া একপ্রকার অনিশ্চত হয়ে গেল। সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হতে পারে না। তবে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ভারতের ফুটবল ফেডারশনকে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে নিষিদ্ধ করা হয়েছে, সেটি হলো- কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটস। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এ ধরনের হস্তক্ষেপ ফিফার আইন মারাত্মকভাবে লঙ্ঘন করে। এআইএফএফ নিজেদের প্রাত্যহিক কাজে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ফেডারেশনের সাবেক সভাপতি প্রফুল প্যাটেলের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচন না দিয়ে তিনি অফিস চালিয়ে যাচ্ছেন, যা ফিফার আইনের পরিপন্থী হিসেবে রায় দিয়েছেন আদালত।

মেয়াদ শেষ হওয়ার পরেও ফেডারেশনের সভাপতি পদে ছিলেন প্রফুল্ল প্যাটেল। এটি নিয়ে মামলাও হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। চলতি বছরের মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটি ভেঙে দেয়া হয়েছিল। তখন দায়িত্ব নেয় তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এখন পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। নির্বাচন নিয়ে রায়ের পরই হয়তো পরবর্তী বিষয়গুলো পরিষ্কার হবে।

ফিফা বিবৃতিতে আরো জানায়, নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি যখন ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে তখন থেকে এই নিষেধাজ্ঞার শাস্তি উঠে যাবে। এআইএফএফের নির্বাহী কমিটির ক্ষমতা নিয়ে নেয়া হবে। এআইএফএফের প্রশাসকেরা বোর্ডের প্রাত্যহিক কাজে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাবেন।