বার্সেলোনার স্কোয়াডের ব্যয়সীমা কমিয়ে ৩৫১ মিলিয়ন ইউরো (প্রায় ৫ হাজার ২৩ কোটি টাকা) করে দিয়েছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ, যা গত শীতের চেয়ে ১১২ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৬০৩ কোটি টাকা) কম। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ব্যয়সীমা বাড়িয়ে ৭৬১ মিলিয়ন ইউরো (প্রায় ১০ হাজার ৮৯২ কোটি টাকা) করা হয়েছে।
প্রতিটি দলবদল শেষে ক্লাবগুলোর ব্যয়ের সীমা নির্ধারণ করে দেয় লিগ কর্তৃপক্ষ। ফার্স্ট টিমের খেলোয়াড়, কোচিং স্টাফ, রিজার্ভ খেলোয়াড় ও যুবদলের খেলোয়াড়দের পেছনে কত খরচ করা যাবে, সেই সীমা বেঁধে দেয়া হয়।
শুক্রবার এক অনুষ্ঠানে লা লিগা কর্তৃপক্ষ জানায়, রিয়াল মাদ্রিদের ব্যয়সীমা ৭৫৪ মিলিয়ন থেকে বেড়ে লিগের মধ্যে সর্বোচ্চ ৬৭১ মিলিয়ন ইউরো হলেও বার্সার ব্যয়সীমা ৪৬৩ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে করা হয়েছে ৩৫১ মিলিয়ন ইউরো। সংস্কারকাজ চলমান থাকা ন্যু ক্যাম্পের ভিআইপি বক্সের ১০০ মিলিয়ন ইউরো আয়কে হিসাবে অন্তর্ভুক্ত করতে চাননি বার্সার নিরীক্ষকরা। ফলে তাদের ব্যয়সীমা কমিয়ে দেয়া হয়েছে। লা লিগার ডিরেক্টর জেনারেল হাভিয়ের গোমেজ এ নিয়ে বলেন, ‘এই ১১২ মিলিয়ন ইউরো ভিআইপি বক্সের ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে সংগতিপূর্ণ। একজন নিরীক্ষক হ্যাঁ বলেছেন, এরপর একজন বলেছেন না। এটাই কারণ।’
লা লিগা ব্যয়সীমা বেঁধে দেয়ার পর থেকে সাম্প্রতিক মৌসুমগুলোয় নতুন খেলোয়াড় সই করাতে বেগ পেতে হচ্ছে বার্সেলোনাকে। হোয়ান গার্সিয়া, মার্কাস র্যাশফোর্ড আর রুনি বার্দিকে সই করাতে বেশ সমস্যার মুখে পড়ে কাতালানরা।
কাতালানদের ন্যু ক্যাম্পে ফিরতে বিলম্ব হচ্ছে। আজ গেটাফের বিপক্ষে লা লিগার ম্যাচটি তাদের খেলতে হবে ৬ হাজার দর্শক ধারণক্ষম ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে, যেখানে গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিও খেলেছে চ্যাম্পিয়নরা। গোমেজ বলেন, ‘আমি নিশ্চিত যে তারা সমস্যার সমাধান করে ফেলবে, সেটা ভিআইপি বক্স কিংবা অন্য যেকোনো উপায়ে। আমি শতভাগ নিশ্চিত যে তারা সমস্যা কাটিয়ে উঠবে। স্টেডিয়াম ছাড়াই বার্সেলোনা কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের লোকসান হচ্ছে বটে। তারা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এখন তারা ইয়োহান ক্রুইফে খেলছে, গত বছরও সমস্যা ছিল, তখন তারা খেলেছে মন্তজুইচে। তারা সমস্যা কাটিয়ে উঠবে। প্রশ্ন হলো সেটি কি তিন মাস নাকি ১২ মাস?’
গোমেজ নিশ্চিত করে বলতে পারছেন না, ন্যু ক্যাম্পে খেলা শুরু করলে ভিআইপি বক্সের ১০০ মিলিয়ন ইউরো আয় বার্সেলোনার ব্যয়সীমায় অন্তর্ভুক্ত করা হবে কিনা। তিনি বলেন, ‘আমরা তো নিরীক্ষক নই। এটা বরং তাদের নিরীক্ষককে জিজ্ঞেস করতে হবে যে তারা এটি করবে কিনা। এটা ন্যু ক্যাম্পে ফেরার ওপর নির্ভর করছে এবং অন্যান্য আর্থিক প্রশ্ন জড়িত। তবে এটা আমরা বলতে পারছি না।’
লা লিগায় তৃতীয় সর্বোচ্চ ব্যয়সীমা অ্যাটলেটিকো মাদ্রিদের। তারা ব্যয় করতে পারবে ৩২৭ মিলিয়ন ইউরো। আর ইউরোপের বাইরে ছিটকে পড়া সেভিয়া সবচেয়ে কম (২২ মিলিয়ন ইউরো) খরচ করতে পারবে।
আর্থিকভাবে চাপে থাকলেও মাঠের পারফরম্যান্স বার্সেলোনার উজ্জ্বল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বৃহস্পতিবার ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। এ ম্যাচে জোড়া গোল করেন ইংল্যান্ডের ফরওয়ার্ড মার্কাস র্যাশফোর্ড।










