অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য লাসিথ মালিঙ্গাকে বোলিং স্ট্রাটেজি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এসএলসি। খবর নিউজওয়্যার।

ছয় বছর পর প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত বুধবার কলম্বো পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে অজিরা খেলবে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ। আর সাদা বলের সিরিজে পেসারদের কৌশলগত দিক উন্নয়নের জন্য অভিজ্ঞ মালিঙ্গাকে কোচিং স্টাফে যোগ করেছে এসএলসি।

বিবৃতিতে শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের দুই সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে বোলিং স্ট্রাটেজি কোচ হিসেবে কাজ করবেন লাসিথ মালিঙ্গা। মাঠে পরিকল্পনাবাস্তবায়নে বোলারদের কৌশলগত সহায়তা দেবেন সাবেক এই পেসার।

এসএলসি আত্মবিশ্বাসী যে, মালিঙ্গার অভিজ্ঞতার ভাণ্ডার অনেক বড় এবং ডেথ ওভারের জন্য বিখ্যাত, বিশেষ করে টি২০ সংস্করণে। দলকে এই গুরুত্বপূর্ণ সিরিজে সাহায্য করবেন তিনি।


চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলেছিল শ্রীলংকা। ওই সিরিজেও জাতীয় দলের সঙ্গে একই ভূমিকায় ছিলেন ৩৮ বছর বয়সী মালিঙ্গা। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

আগামী মঙ্গলবার শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার টি২০ সিরিজ। ১৪ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ, তারপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দু’দল।