নারী দিবসের আগেরদিন নারীদের খেলা থেকে সুখবর পেল বাংলাদেশ। ইরানে চলমান এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ দল। আজ শুক্রবার সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে হেরে যাওয়ায় ফাইনালে উঠতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ইরান ৪১-১৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশকে।
এর আগে আজ দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। সেমিতে ওঠার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ ৪২-২৭ পয়েন্টে হারায় থাইল্যান্ডকে।
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে এই প্রথম বাংলাদেশ কোনো পদক জয় করেছে বলে ইরান থেকে জানিয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে দলের সহকারী কোচ শাহনাজ পারভীন মালেকা। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।’
ফাইনাল ম্যাচে ইরান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ভারতকে। আজ প্রথম সেমিফাইনালে নেপালকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তারা জিতেছে ৫৬-১৮ পয়েন্টেরর ব্যবধানে। শনিবার ফাইনাল।










