আগামীকাল চীনের বেইজিংয়ে শুরু হচ্ছে শীতকালীন প্যারালিম্পিক গেমস ২০২২।
তবে এই আসরে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের। প্রথমে
প্যারালিম্পকের পতাকায় তথা নিরপেক্ষ হিসেবে দেশ দুটির প্রতিযোগীদের অংশগ্রহণের কথা
বলেছিল অন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইপিসি), এবার সেই
সিদ্ধান্ত থেকে সরে এসে তাদের নিষিদ্ধ করেছে সংস্থাটি।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের ওপর অব্যাহত
আছে রুশ সেনাদের হামলা। তারই প্রতিবাদে প্যারালিম্পিক থেকে দেশটির প্রতিযোগীদের
নিষিদ্ধ করা হয়। রাশিয়ার এই আগ্রাসনের পক্ষে সরাসরি সমর্থনের কথা জানান বেলারুশের
রাষ্ট্রপতি। এজন্য রুশদের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে বেলারুশের প্রতিযোগীদেরও।
প্যারালিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই
প্রতিযোগীতার (প্যারালিম্পিকের) সংহতি বজায়
রাখতে এবং সকল প্রতিযোগীর সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যান্য দেশের প্রতিযোগীরাও হুমকি দিয়ে রেখেছে আন্তর্জাতিক
প্যারালিম্পিক কমিটিকে। তারা জানিয়েছে, যদি বেলারুশ
এবং রাশিয়ার প্রতিযোগীরা এই ইভেন্টে অংশ নেন তা হলে তারা নিজেদের নাম প্রত্যাহার
করে নেবেন।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি এক বিবৃতিতে জানায়, আমরা এই
টুর্নামেন্টে প্রত্যেক প্রতিযোগীর সুরক্ষা এবং নিরাপত্তাকে সব থেকে বেশি প্রাধান্য
দিচ্ছি। অ্যাথলেট ভিলেজের পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এবং তা অস্থিতিশীল
হয়ে উঠছে।
আইপিসি সভাপতি অ্যান্ড্রু পার্সনস বলেছেন, আমরা নিজেদের
সাধ্যের মধ্যে থেকে যতটা পেরেছি কঠিন শাস্তি দিয়েছি।
এবারের আসরে ছয়টি খেলায় ৭৮টি ইভেন্টে ৪৯টি দেশের প্রায় ৭০০ অ্যাথলেট
লড়াই করবেন। ১৩ মার্চ পর্দা নামবে ১৩তম শীতকালীন প্যারালিম্পিকের।
এবারের প্যারালিম্পিকে ছয়টি খেলার বিভিন্ন ইভেন্টে অ্যাথলেটরা
প্রতিদ্বন্দ্বিতা করবেন— আলাইন স্কিইং (৩০টি ইভেন্ট), নর্ডিক স্কিইং, বায়াথলন (১৮টি ইভেন্ট), ক্রস-কান্ট্রি
স্কিইং
(২০টি ইভেন্ট), প্যারা আইস হকি (১টি ইভেন্ট), স্নোবোর্ডিং (৮টি ইভেন্ট) ও হুইলচেয়ার
কার্লিং
(১টি ইভেন্ট)।










