জেসন হোল্ডারের উইকেটের ডাবল হ্যাটট্রিকের কল্যাণে সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

ব্রিজটাউনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিকের ঘটনা ঘটলো চারটি। প্রথমবার লাসিথ মালিঙ্গার পর আফগানিস্তানের রশিদ খানও একই কীর্তি গড়ার গৌরব অর্জন করেছেন। তৃতীয় নজিরটি রেখেছেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। আর সর্বশেষ জেসন হোল্ডার।

নাটকীয় সেই মুহূর্তটি ছিল ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে। এই ওভারে প্রয়োজন ছিল ২০ রান। হোল্ডারের প্রথম বলটি ছিল ‘নো’। পরের বলে রান দেননি কোনো। কঠিন হয়ে যাওয়া পরিস্থিতিতে মেরে খেলার খেসারত দেয় ইংলিশ ব্যাটাররা। দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে ক্যাচ হন ক্রিস জর্ডান। তৃতীয় বলে ঝড় তুলেতে থাকা স্যাম বিলিংসকেও একই কায়দায় হোল্ডার ক্যাচ বানিয়েছেন। দুটি ক্যাচই নিয়েছেন হেইডেন ওয়ালশ। চতুর্থ বলে আদিল রশিদকে ফেরালে পূরণ হয় হ্যাটট্রিকের। পঞ্চম বলে নেন সাকিব মাহমুদের উইকেট। শেষ এই উইকেট তুলে নিলে ১৬২ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
জেমস ভিন্স ৩৫ বলে ৫৫ ও স্যাম বিলিংস ২৮ বলে ৪১ রান করেন। ২ দশমিক ৫ ওভারে ২৭ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হোল্ডার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সিরিজ সেরাও হয়েছেন তিনি। এছাড়া আকিল হোসেন নেন চারটি উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। দুই ওপেনার ব্রেন্ডন কিং ৩৪ ও কাইল ম্যায়ার্স ৩১ রান করেন। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেছেন অধিনায়ক কিয়েরন পোলার্ড ও রোভম্যান পাওয়েল। ২৫ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন পোলার্ড। পাওয়েল ১৭ বলে চারটি ছক্কায় ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।