রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিত আগে ব্যাটিং করছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৩ রান। আবদুল্লাহ শফিক ৯ ও ইমাম-উল হক ৪ রানে ব্যাট করছেন।
পাকিস্তান ছয় ব্যাটার, এক স্পিন অলরাউন্ডার, দুই অফস্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়া ছয় ব্যটারের সঙ্গে একজন পেস অলরাউন্ডার, তিনজন পেসার ও একজন অফস্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। তবে অজি দলে স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডরাও আছেন পার্ট টাইম স্পিনার হিসেবে।
মুদ্রা নিক্ষেপের পর পাকিস্তানের মাটিতে পাক-অজির সিরিজ না হওয়ার দুই যুগের অবসান হলো। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলছে অজিরা। দেশটির মাটিতে খেলা সর্বশেষ সিরিজ হবে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার অনুপ্রেরণা। সেবার তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতেছিল অতিথিরা। করাচি ও পেশওয়ারে শেষ দুই টেস্ট ড্র হলেও রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ইনিংস এবং ৯৯ রানে জয় পায় মার্ক টেলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সাবেকদের সেই সুখস্মৃতি অজিদের দেবে বাড়তি উদ্দীপনা।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), আজহার আলি, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতেখার আহমেদ, নুমান আলি, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।










