গত বছর বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। উয়েফা প্রতিযোগিতার কারণে আবারো পুরনো প্রতিদ্বন্দ্বী, তার ও বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে মেসিকে। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির হয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামেন তিনি। তার দল হেরেছে ১-৩ গোলে। দুই লেগ মিলে ২-৩ গোলের হার নিয়ে বিদায়ও ঘটেছে মেসিদের। এ ম্যাচে গোল করা কিংবা করানো কোনোটি করতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার।

 

রিয়ালের বিপক্ষে গোল করতে যেন ভুলেই গেছেন মেসি! অথচ ফুটবলের ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এই ফুটবল শিল্পীরই (মেসির)। তিনিই কিনা শেষ ৯ ম্যাচে লস ব্লাঙ্কোসের বিপক্ষে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি। সর্বশেষ বার্সেলোনার হয়ে ২০১৮ সালের মে মাসে রিয়ালের বিপক্ষে গোল করেছিলেন মেসি। এরপর কেটে যাচ্ছে চারটি বছর, খেলেছেন নয়টি ম্যাচ, কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। রিয়ালের বিপক্ষে এ পর্যন্ত ৪৬টি ম্যাচে খেলেছেন মেসি।

 

অথচ এর আগে ৩৭টি ম্যাচ খেলেই ২৬টি গোল ও ১৪টি অ্যাসিস্ট ছিল ফুটবল জাদুকরের। এমন অনেক মুহূর্ত এসেছিল, যেখানে মেসি একাই রিয়ালকে হারের স্বাদ দিয়েছেন। বাঁ-পায়ের জাদুতে ধসিয়ে দিয়েছেন রিয়াল দুর্গ সান্তিয়াগো বার্নাব্যু। ২০১৭ (৬-২) ও ২০০৯ (৩-২) সালে রিয়ালের মাঠে দুটি হ্যাটট্রিকও করেছিলেন মেসি।

 

মেসি সমর্থকদের জন্য সেসব এখন কেবলই সান্ত্বনার। এখন আর রিয়ালের ত্রাস নন, কিংবা রিয়ালের বিপক্ষে প্রতিপক্ষের ত্রাতা নন মেসি।