সিডনি টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৪৬.৫ ওভার। থেমে থেমে আসা বৃষ্টিতে চার দফা খেলা বন্ধ হয়। বৃষ্টিবিঘ্নিত দিনে একটু আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। শেষ দিকে এসে অস্ট্রেলিয়া পরপর দুই ওভারে দুটি উইকেট না হারালে দিনটা নিজেদের করে নিতে পারত। দিন শেষে তিন উইকেটে ১২৬ রান করেছে অজিরা। এর পরও বলা চলে, প্রথম দিনটা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সমান-সমানে কাটিয়েছে। স্টিভেন স্মিথ ৬ ও উসমান খাজা ৪ রানে অপরাজিত আছেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ থেকে শুরু হয় অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার। ওপেনিং জুটিতে ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস তোলেন ৫১ রান। স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে ওয়ার্নার ফেরেন ব্যক্তিগত ৩০ রানে। এরপর সঙ্গী হারানো মার্কাস হ্যারিস সতর্ক ব্যাটিং শুরু করেন মার্নাস লাবুশানেকে নিয়ে। জেমস অ্যান্ডারসন ২৮ রানে মাঠছাড়া করেন হ্যারিসকে। পরের ওভারে মার্ক উড বিদায় করেন লাবুশানেকে। ২৮ রান করেন তিনি।

এই ম্যাচ খেলতে নেমে অনন্য এক কীর্তি গড়েছেন অ্যান্ডারসন। এটি ছিল ক্যারিয়ারের ১৬৮তম টেস্ট। তাতে করে এই ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় রিকি পন্টিং ও স্টিভ ওয়াহকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে ইংলিশ পেসার। তার উপর কেবল ২০০ টেস্ট খেলা ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন উড, ব্রড ও অ্যান্ডারসন। ইতোমধ্যে  ৩-০ তে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।