গত জুনেই ফ্রেঞ্চ ওপেনে ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন রাফায়েল নাদাল। এবার উইম্বলডনেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এই স্প্যানিশ টেনিস তারকা। গতকাল শনিবার দিবাগত রাতে ইতালিয়ান টেনিস তারকা লরেনজো সোনেগোকে সরাসরি সেটে হারিয়ে শেষ ষোলোয় পা রাখেন নাদাল। তৃতীয় রাউন্ডের ম্যাচে ৬-১, ৬-২ ও ৬-৪ গেমে সোনেগোকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। রাউন্ড সিক্সটিনের লড়াইয়ে আগামীকাল সোমবার ডাচ তারকা বোটিক ভ্যান ডি জ্যান্ডসচাল্পের মুখোমুখি হবেন রাফা।

 

এদিকে শেষ ষোলো নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান নিক কাইরজিওস। গ্রিক তারকা স্তেফানোস সিসিপাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পান তিনি। তৃতীয় রাউন্ডে ৭-৬ (৭-২), ৬-৪, ৫-৩ ও ৭-৬ (৯-৭) গেমে জেতেন কাইরজিওস।

 

উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে দুর্বার গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। স্বদেশী মিওমির কেচমানোভিচকে সরাসরি সেটে হারিয়ে শেষ ষোলোয় আগেই উঠেছেন সার্বিয়ান তারকা। আজ নেদারল্যান্ডসের টিম ভ্যান রিজথোভেনের বিপক্ষে রাউন্ড সিক্সটিনের লড়াইয়ে মুখোমুখি হবেন নোভাক। আরেক ম্যাচে ইতালিয়ান টেনিস তারকা জ্যানিক সিনার ও স্প্যানিশ কার্লোস আলকারাজ গারফিয়াও মুখোমুখি হবেন আজ। নারী এককে মুখোমুখি হচ্ছেন তাতজানা মারিয়া ও জেলেনা ওস্তাপাঙ্কো।

 

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ার টেনিস তারকা জোকোভিচ। ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। বিশ্বের এক নম্বর টেনিস তারকার লক্ষ্য উইম্বলডন জয়। সেই লক্ষ্যে এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য জোকোভিচ