আফ্রিকা কাপ অব নেশন্স এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক দেশ ক্যামেরুন। শনিবার রাতের কোয়ার্টার ফাইনালে গাম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দেয় আফ্রিকার ‘অদম্য সিংহ’ খ্যাত এই দলটি। ওই রাতে আরেক ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বুরকিনা ফাসো। এদিকে, আজ রাতে মরক্কোর মুখোমুখি হবে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর, ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। এছাড়া রাত একটায় মুখোমুখি হবে সেনেগাল ও ইকুয়াটোরিয়াল গিনি।

কার্ল টোকো একাম্বি দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দুই গোল করে ক্যামেরুনকে জিতিয়েছেন। ৫০ মিনিটে দলকে এগিয়ে দেয়ার ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথম গোলটি করেন ডান উইং থেকে কলিন্স ফাতির বাড়ানো ক্রসে মাথা ছুঁয়ে। মার্টিন হংলার পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি।

আজ মিসর ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে বৃহস্পতিবার সেমিফাইনাল খেলবে ক্যামেরুন।

ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর হয়ে খেলা একাম্বি ক্যামেরুনের হয়ে ৪৫ ম্যাচ খেলে সাত গোল করেছেন, যার চারটিই করেছেন চলতি নেশন্স কাপে।