স্কটল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন। বুধবার দিবাগত রাতে যুদ্ধ বিধ্বস্ত দেশটি ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে। আগামী রোববার প্লে-অফ ফাইনালে ওয়েলসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জয় পেলেই ১৬ বছর পর আবার বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ইউক্রেন।


গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউক্রেন-স্কটল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি। কিন্তু ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার কারণে ম্যাচটি পিছিয়ে দেয়া হয়।


স্কটল্যান্ডের মাঠ হ্যাম্পডেন পার্কে সেমিফাইনালে ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। এ সময় রুসলান মালিনকোভস্কির বাড়িয়ে দেয়া বল পান আন্দ্রি ইয়ারমোলেনকো। বাম পায়ের শটে বল জালে জড়ান ওয়েস্ট হ্যামের উইঙ্গার। ইয়ারমোলেনকো জন্মগ্রহণ করেন রাশিয়ায়। পরবর্তীতে ইউক্রেনে পাড়ি দেন এবং দেশটির জাতীয় দলের হয়েই খেলছেন। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমান ইয়ারেমচুক। অলেকসান্দ্রোর ক্রস থেকে হেডে দিয়ে বল জালে পাঠান ইয়ারেমচুক।


অবশ্য ৭৯ মিনিটে একটি গোল শোধ দেয় স্কটল্যান্ড। এ সময় কালাম ম্যাকগ্রেগর বক্সের বাইরে থেকে বাম পায়ে শটে নিশানা ভেদ করেন। তবে যোগ কর সময়ে (৯০+৫) ইউক্রেনের আর্টেম দোভোয়িক পাল্টা আক্রমণে অলেকসান্দ্রোর কাছ থেকে বল পেয়ে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। আশা বাঁচিয়ে রাখের দেশের কঠিন সময়ে বিশ্বকাপে খেলার সুযোগের।


রোববার ওয়েলস ও ইউক্রেনের মধ্যকার বিজয়ী দল কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে স্থান করে নেবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।