সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ। এই সাফল্যে সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ
প্রতিপক্ষ ভূটানকে পেল সাবিনা খাতুনের দল। আর শেষ চারে ভারত খেলবে স্বাগতিক
নেপালের মেয়েদের বিপক্ষে।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ সিরাত জাহান স্বপ্নার জোড়া গোল
ও কৃষ্ণা রানী সরকারের এক গোলে ভর করে জিতেছে বাংলাদেশ। ১২ মিনিটে বাংলাদেশকে
এগিয়ে নেন স্বপ্না। ২২ মিনিটে ব্যবধান ২-০ করেন কৃষ্ণা। ৫২ মিনিটে তৃতীয় গোল করার
মধ্য দিয়ে জয় সুনিশ্চিত করেন স্বপ্না।
‘এ’ গ্রুপ থেকে
আগেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ ও ভারত। শনিবার বাংলাদেশ ৬-০ গোলে
পাকিস্তানকে হারিয়ে ও ভারত ৯-০ গোলে মালদ্বীপকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত
করে। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে বাংলাদেশের চেয়ে (+৯) এগিয়ে ছিল
ভারত
(+১২)। তাই গ্রুপ
চ্যাম্পিয়ন হতে আজ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। গোলাম রব্বানী ছোটনের দল
দাপটেই এই চ্যালেঞ্জ উতড়ে গেল। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন
হলো লাল-সবুজ
জার্সিধারীরা।
ভারতকে হারানো বাংলাদেশের জন্য বিরাট কৃতিত্বেরই। কেননা নারী ফুটবলে
দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত। এর আগের পাঁচ আসরে পাঁচবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে।
এমনকি ভারতের বিপক্ষে এর আগে ১০ ম্যাচ খেলে কখনো জিততে পারেনি বাংলাদেশ। সেরা
সাফল্য ছিল ২০১৬ সালের সাফে গ্রুপ পর্বে করা ড্র। আজ অতীতের ব্যর্থতা ঘুচিয়ে
ম্যাচের কর্তৃত্ব করে জিতল সাবিনা, স্বপ্না, কৃষ্ণা আর মারিয়াদের বাংলাদেশ।
১৬ সেপ্টেম্বর শুক্রবার সেমিফাইনালে ভূটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। একই দিন বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে নেপাল ও
ভারত মুখোমুখি হবে। ১৯ সেপ্টেম্বর ফাইনাল। সাফ চ্যাম্পিয়নশিপে কখনই শিরোপা জিততে
পারেনি বাংলাদেশ নারীরা। এই দলটির অধিকাংশ খেলোয়াড় বয়সভিত্তিক ফুটবল আসরে
বাংলাদেশকে একাধিক আন্তর্জাতিক শিরোপা উপহার দিয়েছেন। এখন তাদের হাত ধরেই সাফ জয়ের
স্বপ্ন দেখছে বাংলাদেশ।










