ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এর পর ২০২২-২৩ মৌসুমে এসে জয় পেল রেড ডেভিলস। গতকাল সোমবার দিবাগত রাতে ওল্ড ট্রাফোর্ডে অলরেডদের ২-১ গোলে হারিয়েছে এরিক টেন হ্যাগের শিষ্যরা। দলের জয়ে একটি করে গোল করেন জাদন সানচো ও মার্কাস রাশফোর্ড। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ।
লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে শেষ আটবারের দেখায় পাঁচটিতেই হেরেছে ম্যানইউ। পূর্বের দাপট ধরে এ ম্যাচেও আক্রমণের পসরা সাজায় লিভারপুল। ৭১ শতাংশ বল দখলে রেখেও স্বাগতিক ডিফেন্ডারদের কাছে বার বার পরাস্ত হন সালাহ-ফিরমিনোরা। উল্টো ম্যাচের ১৬ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার পাস থেকে লিভারপুল গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড জাদন সানচো। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ। বিরতির পর অ্যান্থনি মার্শিয়ালের থ্রু বলে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড। আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যানইউর রক্ষণে আর্জেন্টাইন ইয়াংস্টার লিসান্দ্রো মার্টিনেজ ছিলেন লিভারপুলের প্রধান বাধা। তার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে কয়েকবার লিভারপুল গোলবঞ্চিত হয়। ম্যাচ সেরাও হয়েছেন এই আর্জেন্টাইন। তবে শেষ দিকে একটি গোল শোধ দিতে পারে অতিথিরা। ৮১ মিনিটে গোলপোস্টের খুব কাছ থেকে একটি গোল করেন মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ।
এ জয়ে দুই হারের পর চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেল ম্যানইউ। অপরদিকে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর হার দেখল লিভারপুল।










