তিউনিসিয়ার ওন্স জাবেরকে ৬-২,৭-৬ (৭/৫) গেমে হারিয়ে এবারের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জিতে নিলেন পোল্যান্ডের ইগা সিয়ানতেক।

আজ রোববার ভোরে অনুষ্ঠিত ফাইনালে প্রথম সেট দাপটে জিতে নেন ২১ বছর বয়সী ইগা। দ্বিতীয় সেটে জাবের লড়াই করলেও থামাতে পারেননি বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে।

এটা ইগার তৃতীয় মেজর শিরোপা। এর আগে দুবার জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। এ বছর ফ্রেঞ্চ ওপেন জয় করেন তিনি। একই বছরে পেলেন ফ্রেঞ্চ ও ইউএস ওপেনের স্বাদ। ২০১৩ সালে সেরেনা উইলিয়ামস একই বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন। তারপর এমন কৃতিত্ব দেখালেন ইগা।

ইউএস ওপেন ফাইনাল জিতে র‍্যাংকিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন ইগা সিয়ানতেক, আর জাবের ফাইনালে উঠে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন। যদিও প্রথম আফ্রিকান- আরব নারী হিসেবে এখনো গ্র‍্যান্ড স্লাম শিরোপার খোঁজে ২৮ বছর বয়সী এই তারকা। এ বছর উইম্বলডনের ফাইনালে তিনি হারেন কাজাখস্তানের এলেনা রিবারিকোভার কাছে।

জাবের ভেঙে পড়েননি। আশা করছেন, শিগগিরই স্বপ্ন পূরণ হবে তার। তিনি অভিনন্দন জানান ইগা সিয়ানতেককে।