‘ই’ গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জাপানের গোল নিয়েই বিতর্কের সূত্রপাত। খেলার ৫১ মিনিটের মাথায় মিডফিল্ডার আও তানাকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জাপান। হেরে গিয়েও অবশ্য স্পেন রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে উঠেছে। তবে এই ফলাফলে বিশ্বকাপ যাত্রায় সমাপ্তি ঘটল জার্মানির।

গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মধ্যরাত ১টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে বিতর্ক।

উইঙ্গার কাওরু মিতোমা ক্রস করে বল পাঠান আও তানাকার কাছে। মিতোমা ক্রস করার আগেই বল বাইলাইন বা গোলপোস্টের পাশের দাগ অতিক্রম করে গেছে মনে করছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকান রেফারি ভিক্টর গোমেজও সেটাই সিদ্ধান্ত জানিয়ে দেন।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কাছে গিয়ে সেই সিদ্ধান্তে বদল আসে। গোল গণ্য করার কারণ হলো, বলের পুরো অংশ বাইলাইন অতিক্রম না করা।

খেলা বিষয়ক মিডিয়া আউটলেট ইএসপিএনের ভাষ্য অনুযায়ী, গোললাইনের ক্যামেরার একটি ছবিতে বলের কিছু অংশকে বাইলাইনের ওপরে থাকতে দেখা গেছে। এজন্যই গোলটিকে বৈধ হিসেবে রায় দিয়েছেন ভিএআর রেফারির দায়িত্বে ছিলেন ফার্নান্দো গুয়েরো।

শেষ ষোলোতে যেতে চাইলে এই ম্যাচটা জাপানকে জিততেই হতো। হার কিংবা ড্র হলেই বাদ পড়ে যেত। কিন্তু নাটকীয় ম্যাচে তারা কেবল শেষ ষোলোই নিশ্চিত করেনি, পয়েন্ট তালিকায় ‘ই’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। স্পেন ও জার্মানির পয়েন্ট সমান থাকার গোলের ব্যবধান বিচারে বাদ পড়তে হলো জার্মানিকে।

স্পেনের গোল ব্যবধান ছয় হলেও জার্মানির গোল ব্যবধান মাত্র এক। তবে জাপানের আও তানাকার শটকে গোল ধরা না হলে ম্যাচ ড্র হতো। ফলে কোস্টারিকার সঙ্গে ৪-২ গোলে জিতে যাওয়া জার্মানির টিকে থাকতে পারত আসরে।