সেকেন্ড টায়ার সেগুন্দা ডিভিশন থেকে উন্নীত হয়ে লা লিগায় প্রথম ম্যাচ খেলতে নামে আলমেরিয়া। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রমোশন পাওয়া দলটি খেলায় কোনো ছাড় দেয়নি লস ব্লাঙ্কোসদের। ম্যাচের শুরুতেই স্ট্রাইকার লারজি রামাজানির গোলে এগিয়ে যায় আলমেরিয়া। এ ব্যবধান ধরে রাখে খেলার দ্বিতীয়ার্ধেরও কিছু সময় পর্যন্ত। কিন্তু পরে লুকাস ভাসকুয়েস ও ডেভিড আলাবার গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ঘরে ফেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শিরোপা ধরে রাখার মিশন জয়ে শুরু হলো রিয়ালের।
ঘরের মাঠ পাওয়ার হর্স স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটে গোল করে মাদ্রিদকে নাড়িয়ে দেয় আলমেরিয়া। ডিফেন্ডারদের টপকে যাওয়া বল পেয়ে যান বেলজিয়ান ফরোয়ার্ড রামাজানি। জাল কাঁপাতে কোনো ভুল করেননি ২১ বছর বয়সী ফুটবলার।
অনেক চেষ্টার পরও প্রথমার্ধে এ গোল শোধ দিতে পারেনি অতিথিরা। তাদের বার বার হতাশ হতে হয় স্বাগতিক গোলরক্ষক ফের্নান্দোর কাছে। বিরতির আগে অবশ্য একটি গোল পেয়েছিল তারা। কিন্তু ভাসকুয়েসের গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে।
রিয়ালের আক্রমণের ধার বাড়ে বিরতির পর। ৬১ মিনিটে সমতায় ফেরান ভাসকুয়েস। ভিনিসিয়াস জুনিয়র ক্ষীপ্র গতিতে দৌড়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হলে পরের সুযোগে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ম্যাচের ১৫ মিনিট আগে ফেরলান্ড মেন্দির বদলি হিসাবে মাঠে নামানো হয় ডিফেন্ডার আলাবাকে। কোচের আস্থার দাম দিতেও দেরি করেননি অস্ট্রিয়ান তারকা। মাঠে নেমেই ৭৫ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন তিনি। এ গোলেই জয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের।










