একদিন আগেই পাকো গেন্তোর রেকর্ডে ভাগ বসান মার্সেলো। আজ (মঙ্গলবার) না ফেরার দেশে পাড়ি দেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন গেন্তো। ৮৮ বছর বয়সে মারা গেছেন সাবেক এই স্প্যানিশ ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ এক বিবৃতিতে গেন্তোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
গেন্তো ক্লাব ক্যারিয়ার শুরু করেন রেসিং সান্তানদেরের হয়ে। ১৯৫২-৫৩ পর্যন্ত সান্তানদের হয়ে ১০ ম্যাচে মাঠে নেমে দুটি গোল করেছিলেন। ১৯৫৩ থেকে ১৯৭১ পর্যন্ত ১৮ বছর তিনি খেলেন রিয়ালে। মাদ্রিদের দলটির জার্সিতে ৬০০ ম্যাচ খেলে গোল করেন ১৮২টি।
ছয়টি ইউরোপিয়ান কাপের সঙ্গে ১২টি লিগ, দুটি কোপা দেল রে, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপসহ রিয়ালের হয়ে তিনি জেতেন মোট ২৪টি শিরোপা। তার শিরোপা জয়ের রেকর্ডটি টিকে ছিল ৫০ বছরের বেশি সময়। গত রোববার স্প্যানিশ সুপার কাপ জিতে রেকর্ডটি স্পর্শ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল। স্পেনের হয়ে অংশ নেন ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে।










