ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ মঙ্গলবার গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৯৩ রানে অলআউট করার পর ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে রূপগঞ্জের তারকা বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে ৩৮.৫ ওভার টিকে থেকে ৯৩ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। জাতীয় দলের তারকা পেস বোলার শরিফুল ইসলাম ১০ ওভারে মাত্র ১৪ দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া স্পিনার তানভীর ইসলাম ২৩ রানে ৩টি ও পেসার তানজিম হাসান সাকিব ২৫ রানে ১টি উইকেট নেন। গাজী গ্রুপের পক্ষে আব্দুল গফফার সাকলাইন সর্বোচ্চ ২৬ রান করেন।
জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৩.৫ ওভারে জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম ৪৬ বলে ৬৫ ও সাইফ হাসান ৩৮ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৭৭ রানে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৪ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে হারায়।










