নারী ক্রিকেট দলগুলোর জন্য ২০২২-২৫ চক্রের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে আইসিসি। এ চক্র বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে সুযোগ পাওয়ার সঙ্গে বেড়েছে সিরিজ ও ম্যাচের সংখ্যা। কিছুদিন আগে পুরুষদের এফটিপিতেও বাংলাদেশ আগের চেয়ে বেশি সংখ্যক ম্যাচ পায়।
আইসিসি জানিয়েছে, ২০২২-২৫ চক্রে নারী ক্রিকেট দলগুলো সব সংস্করণ মিলিয়ে ৩০০ ম্যাচ খেলবে। এর মধ্যে সাতটি টেস্ট, ১৩৫টি ওয়ানডে ১৫৯টি টি২০ ম্যাচ রয়েছে।
এই চক্রে বাংলাদেশের নারী ক্রিকেটাররা দ্বি-পাক্ষিক সিরিজে ২৪টি ওয়ানডে, ২৬টি টি২০ ম্যাচ খেলবে। প্রত্যেকটি দল চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। দেশের মাটিতে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফর করবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজে। আয়ারল্যান্ড ছাড়া প্রতিটি দলের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে তিন ওয়ানডের সঙ্গে আছে পাঁচটি টি২০।
এই চক্রে বাংলাদেশের খেলা নেই শুধু ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া টেস্টের কোনো ম্যাচ নেই বাংলাদেশের মেয়েদের। এ অপেক্ষা আরো বাড়ল নিগার-রুমানাদের।
২০১১ সালের ২৬ নভেম্বর ওয়ানডেতে অভিষেক হয় বাংলাদেশের। ১১ বছরে এই সংস্করণে ম্যাচ খেলতে পেরেছে মাত্র ৪৯টি।










