কাতার বিশ্বকাপ নানা কারণে স্মরণীয় হয়ে গিয়েছে
মরক্কোর কাছে। এর মধ্যে ৩৬ বছর পর বিশ্বকাপের নক আউট পর্বের টিকিট পেয়েছে আফ্রিকার
দেশটি।
ক্রোয়েশিয়াকে আটকে দেয়ার পরের ম্যাচে শক্তিশালী
বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় তারা। আর শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ২-১ গোলে
জিতে গ্রুপ সেরাও হয়েছে মরক্কো। কঠিন গ্রুপের বাধা টপকে নক আউটে যাওয়ায় প্রশংসায় ভাসছে
এখন।
কাতার বিশ্বকাপের আগে ১৯৮৬ সালে একবার বিশ্বকাপের
শেষ ষোলোতে উঠেছিল মরক্কো। এবরাই দ্বিতীয়বারের মতো নক আউট পর্বের টিকিট পেয়েছে তারা।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের।
ফিফা র্যাংকিংয়ের হিসাব করলে স্পেন বেশ এগিয়ে।
লা রোজাদের র্যাংকিং ৬, আর মরক্কোর ২২। তবে মুখোমুখি পরিসংখ্যান বিশ্লেষণ করলে আগাম
কিছু বলে দেয়া খুব কঠিন। ১৯৬১ সালে বিশ্বকাপের বাছাইয়ে প্রথম দেখা হয়েছিল দুই দলের।
প্রথম ম্যাচে স্পেন ১-০তে জিতলেও ফিরতি লড়াইয়ে ঘাম ঝরে লা রোজাদের। লড়াই করে ৩-২ গোলে
হারে মরক্কো।
সেই দলটির সঙ্গে ৫৭ বছর পর বিশ্বকাপের মূল
মঞ্চে দেখা হয় মরক্কোর, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। এবার আর স্পেনকে জিততে দেয়নি মরক্কো।
২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দেশটি।
প্রশ্ন এখন, কোয়ার্টার ফাইনালে উঠে নতুন ইতিহাস
গড়তে পারবে মরক্কো? উত্তরটা মিলবে আজ রাতেই।










