দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০
সিরিজে প্রথম দুই ম্যাচ হেরেও ঘুরে দাঁড়াল ভারত। এরপর টানা দুই জয়ে সমতা আনল ঋষভ
পন্তের দল। আজ রাজকোটে চতুর্থ ম্যাচে প্রোটিয়াদের ৮২ রানে হারিয়েছে স্বাগতিক দল।
আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৯ রান তোলে ভারত। জবাব দিতে নেমে মাত্র ৮৭ রানে গুটিয়ে
যায় অতিথিরা।
সিরিজ এখন ২-২-এ সমতা। রোববার বেঙ্গালুরুতে
পঞ্চম ও শেষ ম্যাচে সিরিজের মীমাংসা হবে।
দক্ষিণ আফ্রিকাকে ৮৭ রানে আটকে দিতে সবচেয়ে
বড় ভূমিকা রাখেন ২৫ বছর বয়সী মিডিয়াম পেসার আবেশ খান। ১৮ রানে চারটি উইকেট নেন
তিনি। এছাড়া স্পিনার যুহবেন্দ্র চাহাল নেন ২১ রানে দুই উইকেট। যদিও ম্যাচ রেফারি
ম্যাচসেরা হিসেবে বেছে নিয়েছেন দিনেশ কার্তিককে। ৩৭ বছর বয়সী এ ক্রিকেটারের
ব্যাটেই খারাপ অবস্থা কাটিয়ে লড়াইয়ের পুঁজি পায় ভারত। ২৭ বলে নয় চার ও দুই ছক্কায়
৫৫ রান করেন তিনি। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩১ বলে ৪৬ রান করেন সমান তিন চার ও তিন
ছক্কায়। ৩৩ বলে ৬৫ রানের জুটি গড়ে কার্তিক ও পান্ডিয়াই ভারতের সংগ্রহ বড় করেন।
দক্ষিণ আফ্রিকার পেসম্যান লুঙ্গি এনগিডি ২০ রানে দুটি উইকেট নেন।
যদিও তার দুরন্ত বোলিং বিফলে যায় প্রোটিয়া
ব্যাটারদের ব্যর্থতায়। রাসি ফন ডার ডুসেন সর্বোচ্চ ২০ রান করেন।










