মেজর টুর্নামেন্টে তিনবার ফাইনালে উঠে একবারও হারের হতাশা বরণ করতে হয়নি ইগা সিয়ানতেককে। মাত্র ২১ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনে দুবার এবং ইউএস ওপেনে একবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন পোলিশ তারকা।

২০০১ সালের ৩১ মে পোল্যান্ডের ওয়ারশে জন্মগ্রহণ করেন ইগা। গত শনিবার তিউনিসিয়ার ওন্স জাবেরকে হারিয়ে ইউএস ওপেনে নারী এককে শিরোপা জেতেন তিনি। ফলে নতুন করে তাকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে নারীদের টেনিস। সেরেনা উইলিয়ামসের অবসরের পর যে ক’জন বিশ্ব শাসন করবেন, নিশ্চিতভাবেই তাদের মধ্যে অগ্রগণ্য সিয়ানতেক।

সেরেনার পর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে সিয়ানতেককে ঘিরে। ২০১৬ সালে মাত্র ১৫ বছর বয়সে পেশাদার টেনিস সার্কিটে পা রাখেন তিনি। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে প্রথম মেজর টুর্নামেন্টে খেলেন। পরের বছর মাত্র ১৯ বছর বয়সে জিতে নেন প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতে হইচই ফেলে দেন সিয়ানতেক।

চলতি বছর ইউএস ওপেনের আগে জেতেন নিজের দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন। ফাইনালে ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দেন মার্কিন তারকা কোকো গাফকে। এরপর গত সপ্তাহে চুমু খান ইউএস ওপেনের চকচকে ট্রফিতে।

এ বছর দুটি গ্র্যান্ড স্ল্যামসহ ডব্লিউটিএ কাতার ওপেন, রোম ও ইন্ডিয়ান ওয়েলস জিতেছেন সিয়ানতেক। এ পথে টানা ৩৭ ম্যাচে জিতে রেকর্ডও গড়েন তিনি। গত মার্চে টেনিসকে বিদায় বলেন তখনকার শীর্ষ র্যাংকধারী খেলোয়াড় অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। এর পর থেকে সিয়ানতেক ডব্লিউটিএর ১ নম্বর তারকা।

গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বাদ পাওয়ার পাশাপাশি র্যাংকিংয়ের শীর্ষস্থানও উপভোগ করে চলেছেন ২১ বছর বয়সী লাস্যময়ী।