জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগে কখনো ভারতকে টেস্টে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার সেই মাঠেই সফরকারী দলটিকে হারিয়ে সিরিজে সমতা আনল প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্টে ২৪০ রানের টার্গেটে ব্যাটিং করা স্বাগতিকরা আজ বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ১৮৮ বলে ৯৬ রানের হার না মানা ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জেতান অধিনায়ক ডিন এলগার।


তৃতীয় দিন ভারতকে ২৬৬ রানে অলআউট করার পর প্রোটিয়ারা ২ উইকেটে ১১৮ রান তুলে নেয়। আজ চতুর্থ দিন বৃষ্টির কারণে প্রথম দুই সেশনে কোনো খেলাই হয়নি। তৃতীয় সেশনে ২৭.৪ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 


এলগার ৪৬ ও রাসি ফন ডার ডুসেন ১১ রানে অপরাজিত থেকে আজ ব্যাটিংয়ে নামেন। ডুসেন ৪০ রান করে মোহাম্মদ শামির শিকার হলেও এলগারকে আউট করতে পারেননি কোনো ভারতীয় বোলার। প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করা শারদুল ঠাকুর ও রবিচন্দ্র অশ্বিন একটি করে উইকেট নেন।


১১ জানুয়ারি কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। প্রথম টেস্টে ভারত জিতেছিল ১১৩ রানের ব্যবধানে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত।