সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ডের মায়ের পূর্বপুরুষ ছিলেন পোলিশ নাগরিক। বিশ্বকাপে দলটির প্রতি তার টান থাকা স্বাভাবিক। তা সত্ত্বেও সৌদির বিপক্ষে পোল্যান্ডের ম্যাচে তিনি ছেলের দল সমর্থন করছিলেন। গ্রুপপর্বের ওই ম্যাচে পোল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে সৌদি আরব। এ নিয়ে দ্বিগুণ গ্লানিতে ভুগছেন কোচ রেনার্ড। খবর এপি।

একে তো শিষ্যরা হেরেছে, তার ওপর মাকে দুঃখ দিয়েছেন তিনি! হ্যাঁ, রেনার্ডের ধারণা, গতকাল শনিবারের ম্যাচে সৌদি হারায় দুঃখ পেয়েছেন তার মা।

রেনার্ডের মা এই প্রথম মাঠে গিয়ে বিশ্বকাপ দেখছেন। আগের ম্যাচে তিনি আর্জেন্টিনাকে ছেলের দলের কাছে ধরাশায়ী হতে দেখেছেন।

ফরাসি কোচ বলেছেন, আমার মা ফুটবল পছন্দ করেন। তিনি আর্জেন্টিনার বিপক্ষে সৌদির জয়ে খুশি ছিলেন। তবে পোল্যান্ডের বিপক্ষে হেরে তিনি নিশ্চয়ই কষ্ট পেয়েছেন।

মায়ের উদ্দেশে রেনার্ড বলেন, তুমি সব সময় আমাকে শিখিয়েছ, কখনো হাল না ছাড়তে, কেননা সুযোগ ফিরে আসে। আমাদেরও সুযোগ আছে। পোল্যান্ডের বিপক্ষে হারলেও আমরা দ্বিতীয় রাউন্ডে খেলব।

প্রসঙ্গত, ২০১৯ সালে হার্ভে রেনার্ড দায়িত্ব নেয়ার পর থেকে সৌদি আরবের মুকুটে একে একে সাফল্যের পালক জুড়েছে। এবার বিশ্বকাপে তাদের পারফরম্যান্স দেখে কোচের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।