ফ্রেঞ্চ ওপেনে অদম্য গতিতে ছুটছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। রোঁলা গাঁরোয় প্রথম তিন রাউন্ডে সহজে জিতে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছেন দুই টেনিস তারকা। তবে চতুর্থ রাউন্ডে সার্বিয়ান তারকা জোকিভচের প্রতিপক্ষ একটু কঠিনই। আগামীকাল (রোববার) চতুর্থ রাউন্ডের খেলায় তার মুখোমুখি হবেন ১৬তম বাছাই আর্জেন্টাইন টেনিস তারকা দিয়েগো শোয়ার্টজম্যান। অন্যদিকে স্প্যানিশ নাদালের প্রতিপক্ষ কেনাডিয়ান তারকা ফেলিক্স আগার আলিয়াসিমে। তবে র্যাংকিংয়ের বিচারে নবম বাছাই আলিয়াসিমে আরো শক্তিশালী জোকোভিচের প্রতিপক্ষের তুলনায়।
তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের ২৬তম বাছাই বটিচ ভ্যান ডি জান্ডসকুলপকে ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে সরাসরি সেটে হারান নাদাল। অপরদিকে স্লোভেনিয়ার আলজাজ বেদেনেকে ৬-৩, ৬-৩ ও ৬-২ গেমে পরাজিত করে টানা দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেনের পথে টিকে রইলেন জোকোভিচ।
এবারের আসরে প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে তিন গেমেই ৬-২ ব্যবধানে হারিয়েছিলেন নাদাল, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে (৬-৩, ৬-১ ও ৬-৪) পিছু ঠেলতেও তার বেগ পেতে হয়নি। জোকোভিচ প্রথম রাউন্ডে জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে (৬-৩, ৬-১ ও ৬-০) সহজে হারালেও দ্বিতীয় রাউন্ডে প্রতিরোধের মুখে পড়েছিলেন। স্লোভাকিয়ার অ্যালেক্স মোলচাঁনের বিপক্ষে প্রথম দুই সেট হেসেখেলে ৬-২ ও ৬-৩ ব্যবধানে জিতে নিয়েছিলেন তিনি। তবে মোলচাঁন তৃতীয় সেটে জোকোভিচকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই সেট ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতে পরের রাউন্ডে চলে যান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ।
এছাড়াও আরো যারা চতুর্থ রাউন্ড নিশ্চিত করে মুখোমুখি হবেন, স্প্যানিশ আলকারাজ গারফিয়া- কারেন খাচানোভ, আলেকজান্ডার জেভেরেভ-জাপাতা মিরালেস, হুগার রুনে-গুগো গ্যাস্টন।
ছেলেদের এককে ফেবারিটদের জয়রথ চললেও মেয়েদের এককে ঘটছে একের পর এক অঘটন। তৃতীয় রাউন্ড শেষের আগেই শীর্ষ দশ বাছাইয়ের ছয়জন আসর থেকে বিদায় নিয়েছেন। গতবারের চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা এবার প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছেন। এছাড়া ভিক্টোরিয়া আজারেঙ্কা, অ্যাঞ্জেলিক কেরবের ও সিমনা আলেপের মতো তারকারা বিদায় নিয়েছেন।
তবে অঘটনের মাঝেও অবিচল রয়েছেন বিশ্বসেরা
তারকা পোল্যান্ডের ইগা সুয়েটেক। প্রথম রাউন্ডে ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোকে ৬-২, ৬-০ এবং
দ্বিতীয় রাউন্ডে অ্যালিসন রিস্কেকে ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন। তৃতীয় রাউন্ডে আজ
মন্টেনেগ্রোর দানকা কভিনিচের মুখোমুখি হবেন সুয়েটেক। বাংলাদেশ সময় বিকেল ৪টায়
ম্যাচটি শুরু হবে।










