লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে এ মুহূর্তে ভাবা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী। দুই মহাতারকাকে নিয়ে ফুটবল সমর্থকরা দুই ভাগে বিভক্ত। তারা যখন একই ফ্রেমে চলে আসেন, অনায়াসে বলা হয়, এটি শতাব্দির সেরা ছবি।

বিশ্বকাপ শুরুর একদিন আগে সারা বিশ্ব যখন সেই উন্মাদনায় মত্ত, ঠিক তখন তারা লড়ছেন দাবার বোর্ডে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল শনিবার ‘দাবায় মগ্ন’ থাকার একটি ছবি পোস্ট করে আলোড়ন ফেলে দিয়েছেন মেসি-রোনালদো দ্বৈরথ। যা দেখে মুগ্ধ দুজনের ভক্তরা, উচ্ছ্বসিত তাবৎ ফুটবলপ্রেমী।

ছবিতে দেখা যাচ্ছে, মেসি ও রোনালদো মুখোমুখি বসে আছেন। রোনালদোর হাত মাথায়, মেসির হাত গালে। দুজনই গভীর চিন্তামগ্ন। তবে খেলাটা কোনো দাবার বোর্ডে হচ্ছে না, হচ্ছে দাবা বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর। ছবি দেখে মনে হচ্ছে, দুজনই পরবর্তী চাল নিয়েই ভাবছেন।

বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউস লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্যই ছবিটি তোলা হয়েছে।

হাউসটি এর আগেও পেলে-ম্যারাডোনা-জিনেদিন জিদানকে মডেল করে বিজ্ঞাপন বানিয়ে চমক দেখিয়েছিল।

মেসি-রোনালদোর ছবিটি তুলেছেন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতজ। রোনালদো ও মেসি দুজনই ছবিটি যার যার ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।

ফুটবল বিশ্লেষক ফাবরিজিউ রোমানোসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ছবিটিকে বছরের সবচেয়ে আইকনিক ছবি হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ দিয়েছেন শতাব্দির সেরা ছবির আখ্যা।