গত এক বছরে জাতীয় দলে বল হাতে দেখা যায়নি রুবেল হোসেনকে। আজ সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই পেসার। নতুনদের সুযোগ এবং ওয়ানডে ও টি২০তে মনোযোগ দিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেল নিজেই বিষয়টি জানিয়েছেন।

নিজের ফেসবুক পেজে রুবেল লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় জানাতে চাই। আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো লিখেছেন, বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। টেস্ট থেকে বিদায় নিয়েছি।

অন্য দুই সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে রুবেল লিখেছেন, ওয়ানডে ও টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মতো সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।

গত এক বছরে কোনো সংস্করণে জাতীয় দলের হয়ে দেখা যায়নি রুবেল হোসেনকে। সর্বশৈষ গত বছর নিউজিল্যান্ড সফরে রঙিন পোশাকে খেলেছিলেন তিনি। আর সাদা পোশাকে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে। ঘরোয়া লিগেও ২০২০ সালের পর আর দেখা যায়নি ৩২ বছর বয়সী এই পেসারকে।

২৭ টেস্টের ক্যারিয়ারে ৩৬টি উইকেট নিয়েছেন রুবেল। ব্যাট হাতে করেছেন ২৬৫ রান।