সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। গায়ানায় টসে হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ক্যারিবীয়রা। ইনিংস শেষে বাংলাদেশের জন্য বেঁধে দেয় মাত্র ১০৯ রানের লক্ষ্য।
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় বাংলাদেশ। এক উইকেটে ১১২ রানের এ ইনিংসের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।
ব্যাট হাতে তামিম ইকবাল করেছেন ৬২ বলে ৫০ রান, লিটন দাস ২৭ বলে ৩২ রান। এছাড়া ৩৬ বলে ২০ রান নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এলবিডব্লিউ, নো বল এবং ওয়াইড বল থেকে এসেছে আরো ১০ রান।
এর আগে বিপর্যয়ের ইনিংসে একাই ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট ছিনিয়ে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ, বিপরীতে দিয়েছেন আট ওভারে মাত্র ২৯ রান। তিনটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এবং একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসাইন। বাংলাদেশ দলের বোলিং ঝড়ে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
বাংলাদেশ দলের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।










