সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আরো একবার শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আগামীকাল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলা শুরু হবে।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর এটি। এর আগে ২০১৫ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারো মুরশেদ-মিরাজুলদের ওপর ভর করে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনছে বাংলাদেশ।
এরই মধ্যে গ্রুপ পর্বে মালদ্বীপকে ৫-০ গোলে ও স্বাগতিক শ্রীলংকাকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের কিশোররা। দুই ম্যাচে আসরের সর্বোচ্চ ১০টি গোল করেছে বাংলাদেশ। এর মধ্যে স্ট্রাইকার মিরাজুল ইসলাম ও মোহাম্মদ মুরশেদ আলি তিনটি করে গোল করেন। মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করেন মিরাজুল।
পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে তারা। ভারত ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিতে ওঠে। গ্রুপ পর্বে দুই ম্যাচের মধ্যে একটি করে হার ও জয় তাদের। তিনবারের চ্যাম্পিয়ন ভারত ৩-০ গোলে ভুটানকে হারিয়ে আসর শুরু করে, কিন্তু পরের ম্যাচেই তারা নেপালের কাছে ৩-১ গোলে হারে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠে তিনবারের রানার্সআপ নেপাল।
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুবার ফাইনালে ওঠে এবং দুবারই শিরোপা জিতে নেয়ার কৃতিত্ব দেখায়।










