গত বছরের মে থেকে চলতি বছরের ১ মে পর্যন্ত এক মৌসুমে বিশ্বের সবচেয়ে
বেশি আয় করা ১০ ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছিল আমেরিকান বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’। গত মাসে ঘোষণা করা সে তালিকায় দুই নম্বরে
ছিলেন বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের আমেরিকান খেলোয়াড় লেব্রন জেমস। ১৩
কোটি ডলার আয় করে শীর্ষে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার ফোর্বস
জানিয়েছে,
লেব্রন জেমস একশ কোটি ডলার মূল্যমান সম্পদের মালিক হয়েছেন। এনবিএর ইতিহাসে
তিনিই প্রথম খোলোয়াড়,
যিনি খেলোয়াড় থাকা অবস্থায় বিলিয়নেয়ার বনে গেছেন।
ফোর্বস আরো জানিয়েছে, শিকাগো বুলসের মাইকেল জর্ডান সর্বপ্রথম এনবিএ খেলোয়াড় হিসেবে শত কোটি
ডলারের মালিক হয়েছিলেন। তবে তিনি বাস্কেটবল থেকে অবসরে যাওয়ার ১১ বছর পর এই
সম্পদের মালিক হন। বর্তমানে তিনি ১৭০ কোটি ডলার মূল্যমান সম্পদের মালিক।
গত মৌসুমে লেব্রন জেমসের আয় ছিল ১২ কোটি ১২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার
৫৩ কোটি টাকা। তিনি বিশ্বের দশম ক্রীড়াবিদ এবং প্রথম এনবিএ খেলোয়াড় যিনি আয়ে ১০০
মিলিয়ন ডলার অতিক্রম করেছেন। এর আগের মৌসুমে ৯৬.৫ মিলিয়ন ডলার আয় করে ছিলেন তিনি।
বিজনেস সাময়িকীটি আরো জানিয়েছে, লেব্রন তার বাস্কেটবল ক্যারিয়ারে লস অ্যাঞ্জেলেস লেকার্স, ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স ও মায়ামি
হিটের হয়ে খেলেছেন। তিনটি দলে খেলে সেখান থেকে এ পর্যন্ত তিনি ৪০ কোটি ডলার বেতন
পেয়েছেন। ফোর্বস অনুমান করছে, ৩৭ বছর বয়সী লেব্রন ব্যবসায়িক বিনিয়োগ এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকে ৯০
কোটি ডলারেরও বেশি আয় করেছেন।
তার বিনিয়োগ এবং ব্যবসার মধ্যে রয়েছে স্প্রিং হিল কোম্পানি, একটি আমব্রেলা গ্রুপ, স্প্রিংহিল এন্টারটেইনমেন্ট, ফেনওয়ে স্পোর্টস গ্রুপ, একটি ৪০ কোটি ডলারের রিয়েল এস্টেট
পোর্টফোলিও এবং ব্লেজ পিজা। ফোর্বস।










