আফ্রিকান নেশন্স কাপের ৩৫তম আসর রোববার শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কমোরোসকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক মরক্কো।

‘এ’ গ্রুপের ম্যাচে ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ব্রাহিম ডিয়াজ ও ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় আইয়ুব এল কাবি মরক্কোর হয়ে গোল করেন। আরো আগেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। যদিও ২২ মিনিটে সুফিয়ান রাহিমির পেনাল্টি শট ঠেকিয়ে দেন কমোরোসের গোলকিপার ইয়ান্নিক প্যান্ডর। এরপর রক্ষণাত্মক ফুটবল খেলে স্বাগতিক দলটিকে হতাশ করতে থাকে কমোরোস। যদিও এভাবে খুব বেশি সময় নিজেদের গোলবার সুরক্ষিত রাখতে পারেনি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি। দ্বিতীয়ার্ধে দু দুটি গোল হজম করে বসে তারা।

ম্যাচ শুরুর আগে রাবাতের মৌলা আব্দেল্লাহ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো আর মরক্কোর ক্রাউন প্রিন্স হাসানসহ আফ্রিকার ফুটবল কর্মকর্তারা।

আজ রাতে রয়েছে তিনটি ম্যাচ। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ মালির মুখোমুখি হবে জাম্বিয়া। ম্যাচটি মুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এছাড়া ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার খেলবে অ্যাঙ্গোলার বিপক্ষে আর মোহামেদ সালাহর মিসর খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।