বড় সার্ভের জন্য প্রতিপক্ষের কাছে সুবিধা পেয়ে আসছিলেন এলেনা রিবাকিনা। ফাইনালেও অস্ত্রটি তাকে এগিয়ে রাখে এবং শেষ পর্যন্ত সার্ভেই এল চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। শক্তিশালী এক সার্ভে ‘এইস’ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিশ্চিত করে ফেলেন ২৬ বছর বয়সী এলেনা রিবাকিনা।

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন ‘রানী’ এখন রিবাকিনা। গতকাল ফাইনালে দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারান তিনি। এ প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন কাজাখস্তানের এ খেলোয়াড়।

২০২২ সালে উইম্বলডন জয় করা রিবাকিনার এটা দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। তার হাতে ট্রফি তুলে দেন ২০০১ ও ২০০২ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জেনিফার ক্যাপ্রিয়াতি।

রিবাকিনা চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জেতার পর স্বভাবসুলভ মৃদু হেসে ও হাত নাড়িয়ে আনন্দ করেন। আরেক প্রান্তে ছিল রাজ্যের বিষণ্নতা। ফেভারিট হয়েও ফাইনালে হেরেছেন বেলারুশিয়ান তারকা। তিনি চারটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতলেও সমানসংখ্যক ফাইনালে হেরেছেন। গতকাল তৃতীয় ও শেষ সেটে ৩-০ গেমে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত হেরেছেন তিনি!

জয় শেষে সাবালেঙ্কাকে নিয়ে রিবাকিনা বলেন, ‘বলার ভাষা খুঁজে পাচ্ছি না, তবে আমি আরিনাকে (সাবালেঙ্কা) অভিনন্দন জানাই। কয়েক বছর ধরে সে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে এবং আশা করি, আমরা একত্রে আরো অনেক ফাইনাল খেলব।’

তিনি দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আপনাদের কৃতজ্ঞতা জানাতে চাই, অবিশ্বাস্য এক আবহ এখানে আপনারা তৈরি করেছেন। আপনাদের সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে। যারা টুর্নামেন্টটি খেলতে আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা সত্যিই ‘‘হ্যাপি স্ল্যাম’’। আমি সবসময় এখানে আসতে ও আপনাদের সামনে খেলতে ভালোবাসি।’

এরপর তিনি টিমের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি টিমের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ছাড়া এটা আমার পক্ষে সম্ভব হতো না। এ অর্জনে আমি আনন্দিত। আশা করি, এ বছরে আমরা মিলে আরো ভালো করব।’

বিমর্ষ সাবালেঙ্কা খানিকটা হেসে বললেন, ‘আমি সত্যিই এ মুহূর্তে নির্বাক। আমি প্রথমেই এলেনাকে অভিনন্দন জানাতে চাই। এ অর্জনের জন্য তোমাকে ও তোমার টিমকে অভিনন্দন।’ এরপর তিনি বলেন, ‘অবশ্যই আমার টিমকে ধন্যবাদ। তারাই আমাকে এ টুর্নামেন্টে এতদূর নিয়ে আসে। আশা করি, পরের মৌসুমে নিশ্চিতভাবেই ট্রফিটা আমাদের হবে, তাই না?’