ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোববার চেলসি ও টটেনহামের মধ্যে উত্তেজনাপূর্ণ লন্ডন ডার্বিতে কেউ হারেনি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অথচ ম্যাচে দু দুবার লিড নিয়েছিল চেলসি। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে হ্যারি কেনের গোলে চেলসির কাছ থেকে এক পয়েন্টে ছিনিয়ে নেয় টটেনহাম।

 

লন্ডন ডার্বিতে হ্যারি কেনের গোলসংখ্যা এখন ৪২। তার চেয়ে বেশি গোল করার কৃতিত্ব আছে শুধু ফরাসি গ্রেট থিয়েরি অঁরির, যিনি ছিলেন আর্সেনাল স্ট্রাইকার। আবার ম্যাচে ৯০ মিনিটের পর কেনের (১৩) চেয়ে বেশি গোল আছে শুধু জারমেইন ডিফোর (১৫)।

 

১৯ মিনিটে কালিদু কুলিবালির গোলে লিড নেয় চেলসি। ৬৮ মিনিটে গোল পরিশোধ করেন টটেনহামের পিয়েরে-এমিল হজবার্গ। ৭৭ মিনিটে জেমসের গোলে ফের লিড ফিরে পায় ব্লুজরা। শেষ মুহূর্তে চরম উত্তেজনা নেমে আসে স্ট্যামফোর্ড ব্রিজে। এরই মধ্যে ৯৬তম মিনিটে হ্যারি কেনের গোলে সমতা আনে স্পার্সরা।

 

ম্যাচ শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়েন চেলসি কোচ টমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তোনিও কন্তে। সূচনা করেন কন্তেই। টুখেলের সঙ্গে হাত মেলালেও তিনি তার চোখে চোখ রাখেননি। এতে হয়তো অপমানবোধ করেছেন টুখেল। তাতেই হ্যান্ডশেকটা শেষ পর্যন্ত গোলযোগে রূপ নেয়। এ ঘটনায় দুই কোচই লাল কার্ড দেখেছেন। উল্লেখ্য, কন্তে একটি সময় চেলসির কোচ ছিলেন।তিনি টটেনহামের দ্বিতীয় গোলের পর চেলসির কোচিং স্টাফদের সামনে যেভাবে বুনো উল্লাস করেছেন তা নিঃসন্দেহে ভালো লাগেনি স্বাগতিক শিবিরের। 

 

২৩ বছর পর ফেরা নটিংহাম ফরেস্টের চমক:

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই চমক দেখাল নটিংহ্যাম ফরেস্ট। গত সপ্তাহে লিগ শুরু করা নটিংহাম আজ দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হাম ইউনাইটডকে। উল্লেখ্য, সিটি গ্রাউন্ডে প্রিমিয়ার লিগের ম্যাচ প্রত্যাবর্তনকে রাঙাল নটিংহাম ফরেস্ট দল।

 

নটিংহাম ফরেস্টের হয়ে একমাত্র গোলটি করেন তাইউয়ো আয়োনি, যাকে এই গ্রীষ্মে ক্লাব রেকর্ড ১৭ মিলিয়ন পাউন্ডে কিনেছে ফরেস্ট। ম্যানইউর সাবেক খেলোয়াড় হেসে লিনগার্ডের শটে বল হ্যামার ডিফেন্ডার বেন জসনসের পায়ে লেগে ফিরে এলে ফিরতি শটে গোল করেন আয়োনি।



 ফরেস্টের স্মরণীয় এই জয়ের অন্যতম নায়ক গোলকিপার ডিন হেন্ডারসন। দ্বিতীয়ার্ধে ডিক্লান রাইসের পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। এছাড়া লন্ডনের ক্লাবটির দুটি প্রচেষ্টা নস্যাত্ হয়। একটি ক্রসবারে লেগে ফিরে আসে, আর টমাস সুসেকের শট ফিরিয়ে দেন হেন্ডারসন।

 

নাটকীয়তার পর শেষ পর্যন্ত বিজয়ী দলের নাম নটিংহাম ফরেস্ট। আজ থেকে ১২ মাস আগেও চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানিতে থাকা দলটি অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করে। এবার লিগেও সৌরভ ছড়াচ্ছে তারা।

 

উল্লেখ্য, প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের ম্যাচে নিউক্যাসলের মাঠে ২-০ গোলে হেরেছে নটিংহাম ফরেস্ট। দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল স্টিভ কুপারের দল।