বিদ্রোহ করা সাফজয়ী তারকাদের দলে না রেখে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন হেড কোচ পিটার বাটলার তাতে তিনি হেরে গেলেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টানা দ্বিতীয় প্রীতি ম্যাচে হারল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম ম্যাচের মতোই রোববার রাতের ম্যাচে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।

অভিজ্ঞ দল আরব আমিরাতের সামনে প্রথমার্ধে দাঁড়াতেই পারেননি একঝাঁক নতুন খেলোয়াড় নিয়ে গড়া বাংলাদেশ। আফঈদা খন্দকারের দল মাঠ ছাড়ে ০-২ গোলে পিছিয়ে থেকে। বিরতির পর সমানে সমান। এ সময় এক গোল হজম করলেও প্রতিপক্ষকে এক গোল দিয়েছে বাটলারের শিষ্যরা। গোলটি করেন অধিনায়ক আফঈদা। তাতে অবশ্য হার এড়ানো যায়নি।

women

২০২৬ সালের এশিয়া কাপ বাছাইপর্ব সামনে রেখে আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজ খেলল বাংলাদেশ নারী দল। আফঈদারা সোমবার দেশে ফিরবেন।

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা বাটলারকে বিদায় করা না হলে আর খেলবেন না বলে আল্টিমেটাম দেন। এ নিয়ে প্রায় দুই সপ্তাহ অচলাবস্থার পর বোর্ড কর্মকর্তাদের হস্তেক্ষেপে মেয়েরা নমনীয় হন। যদিও তাদের ছাড়াই আরব আমিরাত সফরের দল ঘোষণা করেন বাটলার। ফল দুই ম্যাচেই ৩-১ গোলের হার।