২০১৪ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন এনামুল হক বিজয়। দীর্ঘ ৮ বছর পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সুযোগ তৈরি হয়েছে প্রত্যাবর্তনের। পিঠের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। তার বদলে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন বিজয়। তবে বিজয় ঢাকায় থাকায় নর্থ সাউন্ডে আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলার সুযোগ নেই তার। দ্বিতীয় টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাবেন তিনি।
গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে বিষয়টি
নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের
উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বিজয়ের। ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয়
টেস্ট।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক
পারফরম্যান্স করে বিজয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি২০ দলে জায়গা করে
নিয়েছিলেন। নতুন করে যুক্ত হলেন টেস্ট দলেও। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১
হাজারের বেশি রান করে গড়েন বিশ্বরেকর্ড। এরপর জাতীয় দলে ডাক পড়ে তার। ২০১৯ সালে
কলম্বোতে লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ ওয়ানডে। ২০১৫ সালের নভেম্বরে
মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ টি২০ ম্যাচ।










