নারী ওয়ানডে বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বে ভারতকে ৬২ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। নিজেদের তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় জয় কিউইদের। অপর দিকে দুই ম্যাচ খেলে ভারতের এটি প্রথম হার।

 

হ্যামিল্টনে আজ আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে স্বাগতিকরা। জবাবে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করতে পারে ভারত।

 

২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুশর আগেই গুটিয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন হরমানপ্রিত কৌর। এছাড়া ইয়াসতিকা ভাটিয়া ২৮ ও অধিনায়ক মিতালি রাজ ৩১ রান করেন। বাকি ব্যাটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় হারতে হয়েছে ভারতকে। কিউইদের হয়ে অ্যামেলিয়া কের ও লি লাহুহু তিনটি করে উইকেট নেন।

 

এর আগে টস জিতে আগে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। অ্যামি স্যাটার্থওয়েটের ৭৫, অ্যামেলিয়া কেরের ৫০, ক্যাটি মার্টিনের ৪১, সোফি ডিভাইনের ৩৫ ও মেড গ্রিনের ২৭ রানে ভর করে ২৬০ সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ভারতের বোলারদের মধ্যে পূজা বস্ত্রাকার চারটি উইকেট নেন।

 

বিশ্বকাপ আগামীকাল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ৮ দলের এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ খেলে জয় তুলে নেয়, আর পাকিস্তান দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে।