পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি ৩৪তম জন্মদিন উদযাপনের দারুণ এক উপলক্ষ্য পেলেন। বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল পেয়েছেন তিনি, যা পরে ডাবলে রূপ দিয়েছেন।
রোববার রাতে লেভার দুই গোলে ভর করে রিয়াল সোসিয়েদাদের মাঠে ৪-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। এটা চলতি মৌসুমে লা লিগায় কাতালানদের প্রথম জয়। এদিকে, কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ভর দিয়ে লিলের মাঠে গোল উত্সব করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে।
বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার লেভানডোভস্কি মাত্র ৪৭ সেকেন্ডেই লক্ষ্যভেদ করেন। আলেহান্দ্রো বালদের নিচু ক্রস থেকে তিনি গোলটি করেন। এর ছয় মিনিট পর সমতা আনেন আলেক্সান্ডার ইসাক। তবে তা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। ওসমান দেম্বেলের নিচু শট ব্যবধান ২-১ করে দেয়ার পর ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় ও বার্সার তৃতীয় গোল করেন লেভানডোভস্কি। ৭৯ মিনিটে সোসিয়েদারের কফিনে শেষ পেরেক ঠুকেছেন আনসু ফাতি।
রায়ো ভায়েকানোর সঙ্গে হোম ম্যাচে গোলশূন্য ড্র করার পর এবার জয়ে ফিরল বার্সেলোনা।
এদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মেসি-নেইমার-এমবাপ্পে এই ত্রিশূল বিধ্বস্ত করেছে লিলকে। ম্যাচের মাত্র আট সেকেন্ডেই লিলের জালে বল পাঠিয়েছেন এমবাপ্পে। লিওনেল মেসির পাস থেকে গোল করেন তিনি। এরপর আরো দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি বিস্ময়। ৬৬ ও ৮৭ মিনিটে পরের দুটি গোল করেন তিনি, এই দুটি গোলেরই উত্স নেইমার।
তার হ্যাটট্রিকের মাঝে আরো চার গোল করেছে পিএসজি। নেইমার দুটি এবং মেসি ও আশরাফ হাকিমি একটি করে গোল পান।
লিলের বিপক্ষে এটা পিএসজির সবচেয়ে বড় জয়। লিল ২০২০-২১ মৌসুমের লিগ শিরোপাজয়ী।
মৌসুমের প্রথম তিন ম্যাচেই জয় পেল পিএসজি এবং তারকাখচিত দলটি এই তিন ম্যাচে মোট ১৬ গোল করে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
রোববার বুন্দেসলিগায় বোখামকে ৭-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে এ রাতে নিউক্যাসলের মাঠে ১-৩ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি।
প্রিমিয়ার লিগে আজ ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, যারা মৌসুমের প্রথম দুই ম্যাচেই হেরেছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
গত সোমবার ক্রিস্টাল প্যালেসের এক খেলোয়াড়কে মাথা দিয়ে আঘাত করায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনেজ। ফলে আজ তাকে পাবে না লিভারপুল। যদিও সুখবর, চোট কাটিয়ে আজ ফিরছেন রবার্তো ফিরমিনো। থিয়াগো, দিয়েগো জোটা ও জোয়েল মাতিপ অবশ্য এখনো বাইরেই রয়েছেন।










