অ্যাশেজে বাজেভাবে হারের পর বুধবার চাকরি হারিয়েছেন ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস। একদিন পরই বরখাস্ত করা হয়েছে ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউডকে। অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে ইসিবি।
অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে চতুর্থ টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়ালেও ৪-০ ব্যবধানে হারে ইংল্যান্ড। এই হারের পর কোচ সিলভারউডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। সাবেক কোচ ট্রেভর বেইলিসের সহকারী হিসেবে ইসিবিতে যোগ দিয়েছিলেন সিলভারউড। ২০১৯ বিশ্বকাপের পর বেইলিস চাকরি ছাড়লে প্রধান কোচের দায়িত্ব পান তিনি। প্রায় তিন বছর সেই ভূমিকায় কাজ করার পর চাকরি হারালেন সিলভারউড।
সিলভারউডের অধীনে সাদা বলের ক্রিকেটে ভালো করলেও টেস্টে তেমন সাফল্য পায়নি ইংল্যান্ড। সিলভারউড বরখাস্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ডসন।










