সপ্তহখানেক বাকি এশিয়া কাপ শুরু হতে। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। কিন্তু এর আগেই পাক শিবিরে এলো দুঃসংবাদ। এশিয়া কাপে খেলতে পারবেন না দলের অন্যতম পেসার শাহিন শাহ আফ্রিদি। হাঁটুর চোট না সেরে ওঠায় ৪ থেকে ৬ সপ্তাহ আফ্রিদিকে বিশ্রামে থাকার উপদেশ দিয়েছে পিসিবির মেডিকেল উপদেষ্টা কমিটি ও স্বাধীন বিশেষজ্ঞরা। ফলে আসন্ন মহাদেশীয় প্রতিযোগিতায় খেলা হবে না তার।
গত মাসে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন বাঁহাতি এ পেসার। এশিয়া কাপের পরে সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না তিনি। আগামী অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের আগে তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে তার খেলতে সমস্যা হবে না বলে জানিয়েছে পিসিবি।
শাহিন শাহর স্থলাভিষিক্ত হিসাবে দলে কাকে নেয়া হবে, তা এখনো জানায়নি বোর্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষ হলে তার নাম ঘোষণা করবে পিসিবি।
আগামী ২৭ অগাস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। পর দিন প্রথম পর্বে 'এ' গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। পিসিবি।










